ঢাকা, রবিবার   ২৫ অক্টোবর ২০২৬

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৪, ২৫ অক্টোবর ২০২৬

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার প্রকাশিত হবে। 

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ কথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়,  ফল জানার পদ্ধতি ও ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি আগামী ২৬ অক্টোবর সোমবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। তাদের জন্য সারা দেশে ২ হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্র ছিল।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নেয় ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে পরীক্ষার্থী ছিল ৩ লাখ ৩৯৩ জন। তারা ৩১০টি কেন্দ্রে পরীক্ষা দেয়। রাজশাহী শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন, যশোরে ১ লাখ ১৭ হাজার ২১০, দিনাজপুরে ১ লাখ ১৩ হাজার ৪৭৯, চট্টগ্রামে ৯৯ হাজার ৬৮৮ ও কুমিল্লায় ৯৪ হাজার ৮০২ জন শিক্ষার্থী। এ ছাড়া ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৭৩ হাজার ৩৭ জন, সিলেটে ৭১ হাজার ৭১১ ও বরিশালে ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী ছিল।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

এর আগে গত বছর ২০২৫ সালে সাধারণ শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৪৭ হাজার ২৪২ জন। এরমধ্যে উত্তীর্ণ হন ৫ লাখ ৯৮ হাজার ১৬৬ জন। পাসের হার ছিল ৫৭ দশমিক ১২ শতাংশ। ছাত্রদের মধ্যে পাসের হার ৫২ দশমিক ১৭ শতাংশ এবং ছাত্রীদের মধ্যে পাসের হার ছিল ৬১ দশমিক ৪৫ শতাংশ।

গতবারের পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছিলেন ৬৩ হাজার ২১৯ জন পরীক্ষার্থী। মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছিলেন ৪ হাজার ২৬৮ জন শিক্ষার্থী ও কারিগরি বোর্ডে পেয়েছিলেন ১ হাজার ৬১০ জন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি