ঢাকা, সোমবার   ০৫ অক্টোবর ২০২৬

এসআই খুলে দেন প্রিজনভ্যান, প্রাইভেট কারে পালান ‘পিচ্চি রাজা’

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৪, ৫ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের প্রিজন ভ্যান থেকে নয়, ঢাকার তাঁতীবাজার এলাকা থেকেই পালিয়েছে শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজা। এসআই প্রবীর কুমার বিশ্বাস প্রিজনভ্যান খুলে দিলে প্রাইভেট কারে উঠে পালায় রাজা।

সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জিএমপির কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার । 

এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় এসআই প্রবীর কুমার বিশ্বাস, ড্রাইভার নায়েক কামাল হোসেন ও পলাতক পিচ্চি রাজার বোন তাসলিমাকে গ্রেফতার করা হয়েছে। 

তবে এখনও পলাতক পিচ্চি রাজার কোন খোঁজ মেলেনি। 

সংবাদ সম্মেলনে জিএনপি কমিশনার জানান, তদন্তে দেখা যায় গত ২৭ সেপ্টেম্বর ২৯  জন আসামি নিয়ে ঢাকা জেলা জজ কোর্ট হতে স্কট পার্টি পিছনের ভ্যানে রওনা দেয়। তাঁতিবাজার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কাছে এসে প্রিজনভ্যান থামিয়ে স্কট পার্টি ইনচার্জ এসআই প্রবীর কুমার বিশ্বাস ড্রাইভার নায়েব কামাল হোসেনের কাছ থেকে চাবি নিয়ে আসামি পিচ্চি রাজা ও হাজতী আসামি খায়রুল বাশারকে বের করে ভ্যানের সামনে নিয়ে যান এবং খায়রুল বাশার প্রিজনভ্যানের ডাইভারের সিটে পাশে বসেন।

কিন্তু পিচ্চি রাজা ও এসআই প্রবীর পেছনের ভ্যানে ওঠেনি। মূলত সেখান থেকে অপেক্ষমান একটি প্রাইভেট কারে আসামি পিচ্চি রাজা পালিয়ে যায়। পরবর্তীতে এসআই প্রবীর রাত সাড়ে ৮টার সময় গাজীপুরের বাইমাইলে এসে এই ঘটনাটি সাজান বলে জানান জিএনপি কমিশনার। 

এই ঘটনায় জড়িত থাকায় এসআই প্রবীর কুমার বিশ্বাস, ড্রাইভার নায়েক কামাল হোসেন ও পিচ্চি রাজার বোন তাসলিমাকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে ৮ দিন পার হতে চললেও পিচ্চি রাজাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিজন ভ্যানের সঙ্গে থাকা এসআই প্রবীর কুমার, কনস্টেবল মো. জাকির হোসেন, মো. সাকিব, শাকিল হোসেন ও প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পরে এই পাঁচজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে ঘটনা তদন্তে গঠিত পর্যবেক্ষণ কমিটি। তাদের মধ্য থেকে পিচ্চি রাজার পালিয়ে যাওয়ার সঙ্গে জড়িত থাকায় এসআই প্রবীর কুমার ও প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। অন্য তিনজনকেও নজরদারিতে রাখা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি