ঢাকা, শনিবার   ০৩ অক্টোবর ২০২৬

গাজীপুরে ৮ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণের কাজে ৯ ইউনিট

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৭, ৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:১০, ৩ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

গাজীপুরের ডেগির চালা এলাকায় আটতলা একটি ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

আজ শনিবার দুপুরে ফকির মার্কেটের মেট্রিক্স গার্মেন্টস ভবনে এ আগুন লাগে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য জানান।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ২টা ৪৪ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ২টা ৪৫ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। বিকেল ৩টায় সেখানে তারা পৌঁছায়। ঘটনাস্থলটি স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে।

এখন পর্যন্ত ফায়ার সার্ভিস ৬৯ জনকে নিরাপদে সরিয়ে নিয়েছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ৩টার দিকে কারখানার মধ্যাহ্নভোজের বিরতি শেষে আটতলা ভবনের তিন তলায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন দেখে কারখানার লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এসময় কারখানার নিরাপত্তা কর্মী ও ফায়ার সেফটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়।

পরে কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দিলে চৌরাস্তা মডার্ন স্টেশন, কোনাবাড়ী ফায়ার স্টেশন, গাজীপুর ফায়ার স্টেশন ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি