ঢাকা, শনিবার   ০৩ অক্টোবর ২০২৬

সোয়া ৩ ঘণ্টার চেষ্টায় গার্মেন্টসে লাগা আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৪, ৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:২০, ৩ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

গাজীপুরের ডেগেরচালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টস নামে একটি কারখানায় লাগা আগুন সোয়া তিন ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এ সময় বিল্ডিংয়ের ছাদে আটকে পড়া ৬৯ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

শনিবার সন্ধ্যা ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে আজ দুপুর পৌনে ৩টার দিকে গাজীপুরের ডেকেরচালা এলাকায় ফকির মার্কেটের মেট্রিক্স গার্মেন্টস কারখানার সাততলা ভবনের তৃতীয় তলায় এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডেগের চালায় মেট্রিক্স গার্মেন্টসের ৭ তলা  ভবনের ৩য় তলায়  আগুন লাগে। খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়‌। পরে আশেপাশের আরও ৭টি ইউনিটসহ মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয়।

কারখানার শ্রমিকরা জানান, দুপুরে কাজ করার সময় আগুনের ধোঁয়া দেখতে পান তারা। এসময় অনেকেই দৌড়ে ছাদে চলে যান, অন্যরা হুড়োহুড়ি করে নীচে নেমে আসেন। এক পর্যায়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ছাদ থেকে শ্রমিকদের নামিয়ে আনেন। 

ঢাকা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সালেহ উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করেছে। এছাড়া ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ছাদ আটকে পড়া ৬৯ জনকে উদ্ধার করেছে। 

তিনি আরো জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পানির স্বল্পতা ছিল।  ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানানো যাবে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি