ঢাকা, মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬

গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৭, ২২ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ থাকবে কি না, তা নিয়ে পুলিশের পরবর্তী পদক্ষেপ দেখার কথা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তিনি বলেন, কোনো সংসদ সদস্যকে দল থেকে বহিষ্কার করা হলে স্বয়ংক্রিয়ভাবে তাঁর সংসদ সদস্য পদ বাতিল হয় না। কোনো সংসদ সদস্য নিজে দল থেকে পদত্যাগ করলে বা সংসদে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তাঁর আসন শূন্য হওয়ার বিধান রয়েছে।

গাজী নজরুলকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের বিষয়ে স্পিকার বলেন, দল থেকে বহিষ্কারের বিষয়টি জানিয়ে জামায়াতে ইসলামী চিঠি দিয়েছে। তবে শুধু বহিষ্কারের কারণে তাঁর এমপি পদ চলে যায় না।

আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুলের গ্রেপ্তারের বিষয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, পুলিশ কী ব্যবস্থা নেয়, সেটি তাঁরা দেখছেন। পুলিশের পদক্ষেপের পর নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে আদালতও এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারেন।

এর আগে গত ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। একই সঙ্গে তাঁর সংসদ সদস্য পদ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেয় দলটি।

এরই মধ্যে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়েছে। গত রোববার শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে করা মামলায় গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। মামলায় গাজী নজরুলকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এক দিনের রিমান্ড শেষে তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে এখন স্পিকার ও নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপের অপেক্ষা করা হচ্ছে।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি