ঘুসের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুস খাওয়ার জন্যই: এএসআই
প্রকাশিত : ২৩:১২, ৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:১৮, ৫ অক্টোবর ২০২৬
হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াসের বিরুদ্ধে মামলার তদন্তের নামে ঘুস দাবি, অনিয়ম ও ভুক্তভোগীদের ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি মামলার তদন্তে গিয়ে প্রকাশ্যে ঘুস গ্রহণকে যৌক্তিক দাবি করে তার দেওয়া একটি বিতর্কিত বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন দায়িত্বজ্ঞানহীন ও প্রকাশ্য অনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভ ও ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারে স্থানীয় এক ব্যবসায়ীর দায়ের করা মামলার তদন্তে যান এএসআই ইলিয়াস। সেখানে উপস্থিত লোকজনের সামনে ঘুস নেওয়ার বিষয়টিকে স্বাভাবিক দাবি করে তিনি মন্তব্য করেন যে, পুলিশে চাকরি করে ঘুস না খেলে কেউ মসজিদের ইমাম হতে পারবেন না।
তিনি আরও বলেন, তিনি ঘুসের টাকা খরচ করেই পুলিশে চাকরি পেয়েছেন এবং ঘুস খাওয়ার জন্যই এই রাষ্ট্রীয় পোশাক গায়ে জড়িয়েছেন। সেখানে উপস্থিত এক ব্যক্তি গোপনে তার এই পুরো বক্তব্যের ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে অভিযুক্ত এএসআই ইলিয়াসের ব্যক্তিগত মুঠোফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। তবে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং তদন্ত সাপেক্ষ অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। স্থানীয় সচেতন মহল এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এমএইচ
আরও পড়ুন










