খাদ্যনিরাপত্তায় বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
প্রকাশিত : ২১:৩৪, ৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৪১, ৫ অক্টোবর ২০২৬
দেশের খাদ্যনিরাপত্তা জোরদার এবং রোপণ মৌসুমে কৃষকদের জন্য সারের সরবরাহ সহজলভ্য করতে বাংলাদেশকে ৩০ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বর্তমান বাজারদরে দেশীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা।
সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্প বিভাগে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে এই সংক্রান্ত একটি ঋণচুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
জরুরি খাদ্যনিরাপত্তা সহায়তা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এই বিশাল অঙ্কের অর্থায়ন করা হচ্ছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য প্রয়োজনীয় সারের সরবরাহ নিশ্চিত করা, যার মাধ্যমে দেশের সামগ্রিক কৃষি উৎপাদন ব্যাহত হওয়া থেকে রক্ষা পাবে।
২০২৬ সালের ১ জুলাই থেকে শুরু হওয়া এই প্রকল্পটি ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত চলমান থাকবে। অর্থ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হবে এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন এ কাজে মূল সমন্বয়কের ভূমিকা পালন করবে।
বিশ্বব্যাংকের দেওয়া এই বিশেষ ঋণের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২৫ বছর। এর মধ্যে প্রথম পাঁচ বছর গ্রেস পিরিয়ড বা রেয়াতকাল হিসেবে গণ্য হবে, যে সময়ে ঋণের মূল অর্থ পরিশোধ করতে হবে না।
এই অর্থায়নের ফলে খাদ্য উৎপাদনের প্রধান উপকরণ সারের পর্যাপ্ততা নিশ্চিত হওয়ার পাশাপাশি বর্তমান বাজার পরিস্থিতির চাপ ও কৃষকদের উৎপাদন ব্যয় মোকাবিলা করা সহজ হবে বলে আশা করা হচ্ছে।
এমএইচ
আরও পড়ুন










