ঢাকা, বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৫, ২৯ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

২৪ ঘণ্টা যেতে না যেতেই দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ১ হাজার ৫৭৫ টাকা বেড়ে হয়েছে ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ হাজার ৩৪১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৪ হাজার ২৯১ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৫০ হাজার ৫৮২ টাকা।

স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে নকশা অনুযায়ী মজুরি দিতে হবে বলে জানিয়েছে বাজুস। সংগঠনটি আরো বলেছে, স্বর্ণালঙ্কার ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এর আগে, গতকাল বুধবার সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই দিন প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ১২৮ বার সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬২ দফা দাম বাড়ানো হয়েছে, ৬৫ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি