ববিতে ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ, বিক্ষোভ
প্রকাশিত : ১৭:৩১, ৪ মার্চ ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রীদের আপত্তিকর ছবি তোলার অভিযোগ উঠেছে রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। বুধবার (০৪ মার্চ) এ ঘটনায় শিক্ষার্থীরা মানববন্ধন করে অভিযুক্তের শাস্তি দাবি করেছেন।
জানা যায়,অভিযুক্ত শিক্ষার্থী তূর্য বাড়ৈ গত মঙ্গলবার (৩ মার্চ ) রাতে গোপনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এক ছাত্রীর ছবি তোলার সময় হাতেনাতে ধরা পড়েন। পরে অন্যান্য শিক্ষার্থীরা তার ডিভাইস তল্লাশি করলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য ।
অভিযোগ অনুযায়ী, গত চার বছর ধরে ল্যাবের প্র্যাকটিক্যাল ক্লাসসহ বিভিন্ন সময়ে নারীদের অসতর্ক মুহূর্তের ছবি গোপনে ধারণ করা হয়েছে। এসব ছবি পেনড্রাইভ ও ইমেইলে আলাদা ফোল্ডার করে সংরক্ষণ করা হয়েছিল বলে দাবি করা হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, ঘটনাটি শুধু ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন নয়; এটি একটি সংগঠিত চক্রের অংশও হতে পারে। তাদের দাবি, ছবিগুলো কোনো পর্নোগ্রাফি সাইটে ব্যবহার হয়েছে কি না অথবা ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে ছড়ানো হয়েছে কি না—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হোক।
এদিকে এঘটনার প্রতিবাদে অভিযুক্তের আজীবন বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় একটি নিরাপদ শিক্ষাঙ্গন হওয়ার কথা। সেখানে সহপাঠীর এমন বিকৃত আচরণ আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত করেছে।
বিশ্ববিদ্যালয়টির প্রক্টর রাহাত হোসাইন ফয়সাল বলেন, যৌন নিপীড়নবিরোধী সেল তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবে। পাশাপাশি যাচাই করা হবে, অভিযুক্ত ছবিগুলো বাইরে ছড়িয়েছে কি না বা অন্য কোনো চক্রের সঙ্গে যুক্ত আছে কি না। প্রয়োজনীয় প্রমাণ মিললে পুলিশে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রক্টরিয়াল বডি তদন্ত চালাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে প্রয়োজন হলে বিষয়টি অভিজ্ঞ আইনপ্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হতে পারে।
সর্বশেষ খবর অনুযায়ী, অভিযুক্ত তূর্য বাড়ৈ বর্তমানে প্রক্টর অফিসে আছেন এবং তার বিরুদ্ধে বিস্তারিত তদন্ত চলছে। এই ঘটনায় ক্যাম্পাসজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং শিক্ষার্থীরা দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।
এমআর//
আরও পড়ুন










