ঢাকা, রবিবার   ২২ নভেম্বর ২০২৬

ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠায় থাকছে না এমপি-মন্ত্রীদের দৌরাত্ম্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪১, ২২ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

এবার ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা ও পরিচালনা পর্ষদে পারিবারিক নিয়ন্ত্রণ কমানো এবং রাজনৈতিক প্রভাব সীমিত করতে ব্যাংক কোম্পানি আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। 

নতুন এই প্রস্তাবে ব্যাংকের পরিচালকদের একটানা দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ৬ বছর করার কথা বলা হয়েছে। একই সঙ্গে ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের নিয়োগের সুযোগ বন্ধ করার প্রস্তাব রয়েছে। 

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের খসড়া তৈরি করেছে। বাংলাদেশ ব্যাংকের সুপারিশের ভিত্তিতে তৈরি এই খসড়াটি অর্থমন্ত্রীর অনুমোদনের পর মন্ত্রিসভায় উপস্থাপনের কথা রয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রস্তাবিত সংশোধনীর মাধ্যমে ব্যাংক পরিচালনায় রাজনৈতিক ও পারিবারিক প্রভাব কমানোর পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির ক্ষমতাও বাড়ানো হবে। 

প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তি একটানা ছয় বছরের বেশি একই ব্যাংকের পরিচালক থাকতে পারবেন না। ছয় বছর দায়িত্ব পালনের পর পুনরায় পরিচালক হতে চাইলে তাকে তিন বছর বিরতিতে থাকতে হবে।

বর্তমানে একজন পরিচালক সর্বোচ্চ ১২ বছর দায়িত্ব পালন করতে পারেন। ২০১৮ সালের সংশোধনীর আগে এই মেয়াদ ছিল ছয় বছর। ওই বছর তা বাড়িয়ে নয় বছর করা হয়। পরে ২০২৩ সালে আরেক দফা সংশোধনের মাধ্যমে মেয়াদ ১২ বছর করা হয়েছিল।

এছাড়া ব্যাংকের পরিচালনা পর্ষদে একই পরিবারের সদস্যদের আধিপত্য কমাতেও পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে একটি পরিবার থেকে সর্বোচ্চ তিনজন একই ব্যাংকের পরিচালক হতে পারেন। নতুন প্রস্তাবে এ সংখ্যা কমিয়ে দুজন করার কথা বলা হয়েছে।

একই পরিবারের নিয়ন্ত্রণাধীন বা স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি পরিচালক রাখার সুযোগ দুজনের পরিবর্তে একজন করার প্রস্তাব রয়েছে।

ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ২০ সদস্যের পর্ষদে অন্তত তিনজন স্বতন্ত্র পরিচালক রাখার বিধান রয়েছে। প্রস্তাব অনুযায়ী, এই সংখ্যা বাড়িয়ে চারজন করা হবে।

অন্যদিকে, ২০ জনের কম সদস্যের পর্ষদে স্বতন্ত্র পরিচালকের ন্যূনতম সংখ্যা দুজন থেকে বাড়িয়ে তিনজন করার প্রস্তাব করা হয়েছে।

স্বতন্ত্র পরিচালক নিয়োগের যোগ্যতার ক্ষেত্রেও কঠোরতা আনা হচ্ছে। প্রস্তাব অনুযায়ী, নিয়োগের আগের অন্তত তিন বছর সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংক বা ব্যাংকসংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ স্বার্থের সম্পর্ক থাকা যাবে না।

এদিকে ব্যাংক পরিচালনায় রাজনৈতিক প্রভাব কমাতে নতুন বিধান যুক্ত করার প্রস্তাব রয়েছে। এতে মন্ত্রিসভার সদস্য বা সমমর্যাদার ব্যক্তি, সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কিংবা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগের অযোগ্য ঘোষণার কথা বলা হয়েছে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, পরিচালনা পর্ষদ থেকে রাজনৈতিক ব্যক্তিদের দূরে থাকাই ভালো বলে তিনি মনে করেন।

অন্যদিকে ব্যাংকের মালিকানায় কৌশলগত বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতেও পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা একই পরিবারের সদস্যরা সরাসরি কিংবা পরোক্ষভাবে একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার অধিগ্রহণ করতে পারেন না।

নতুন প্রস্তাবে দেশি-বিদেশি কৌশলগত বিনিয়োগকারীদের ক্ষেত্রে এই সীমা শিথিল করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়ার কথা বলা হয়েছে। বিনিয়োগকারীদের যোগ্যতা, উপযুক্ততা ও প্রয়োজনীয় শর্ত নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক।

প্রস্তাবিত আইনে ব্যাংকের পরিচালক পদ হারানোর পর ঋণ পরিশোধের বিষয়েও কঠোর বিধান রাখা হয়েছে। কোনো পরিচালকের পদ শূন্য হলে সংশ্লিষ্ট ব্যাংক থেকে নেওয়া ঋণ বা অগ্রিমের সম্পূর্ণ বকেয়া পরিশোধ করতে হবে। পুনঃতফসিল কিংবা অন্য কোনো উপায়ে ঋণ নিয়মিত করার সুযোগ না রাখার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া কোনো পরিচালক টানা তিন মাসের বেশি পর্ষদ সভায় অনুপস্থিত থাকার ছুটি নিতে পারবেন না। বছরে একবারের বেশি এ ধরনের ছুটি নেওয়ার সুযোগও থাকবে না

প্রস্তাবিত সংশোধনীতে কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ আমানতকারীদের স্বার্থের পরিপন্থী কাজ করলে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের ক্ষমতা বাড়ানোর কথা বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনে পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ গঠন করতে পারবে। নতুন পর্ষদের মেয়াদ সর্বোচ্চ তিন বছর নির্ধারণের প্রস্তাব রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও স্বতন্ত্র পরিচালকের সংখ্যা আরও বাড়িয়ে পর্ষদের ৫০ শতাংশ করার পক্ষে মত দিয়েছেন। তার মতে, দেশি-বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্যও শেয়ার কেনার সুযোগ বাড়ানো প্রয়োজন।

তবে এসব পরিবর্তন এখনো প্রস্তাবিত সংশোধনীর অংশ। মন্ত্রিসভার অনুমোদন ও পরবর্তী আইন প্রণয়নের প্রক্রিয়া শেষ হলেই এগুলো কার্যকর হবে।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি