ঢাকা, সোমবার   ০৫ অক্টোবর ২০২৬

রাবিতে ছাত্রদলের হামলায় ৫ সাংবাদিক আহত

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫১, ৫ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এতে পাঁচজন সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।  

​আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন- দৈনিক আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু।  

​প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত সাড়ে আটটার দিকে এক শিক্ষার্থীকে শিবির কর্মী সন্দেহে মারধরের ঘটনা কাভার করতে গেলে সাংবাদিকদের লক্ষ্য করে চড়াও হয় ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় পেশাগত দায়িত্ব পালনে বাধা ও তাদের ওপর হামলা চালানো হয়। 
আহতদের দ্রুত উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।  

​এ ঘটনার পর ক্যাম্পাসে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান সাংবাদিকদের নিরাপত্তা দিতে না পারার দায় স্বীকার করেছেন। 

এদিকে, ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছে রাজশাহীর বিভিন্ন সাংবাদিক সংগঠন।

হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল ও মনজুরুল আলম রিয়াদকে নিয়ে দুই সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার যথাযথ তদন্ত করে কেন্দ্রীয় সংসদে লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি