শ্রমিকরা কাজ না করলে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত বিজিএমইএ’র
প্রকাশিত : ১৮:৫৯, ১৪ নভেম্বর ২০২৬
চলমান শ্রমিক অসন্তোষে কার্যক্রম চালাতে না পারলে আগামীকাল ১৫ নভেম্বর থেকে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিল্পমালিকরা। কারখানা মালিকদের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বিজিএমইএ।
আজ শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। ঢাকার উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে বিজিএমইএ ও বিকেএমইএ যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
বিজিএমই জানায়, কারখানার ভেতরে ভীতিকর পরিস্থিতি তৈরি করছে একটি মহল। ফলে কাজ করতে পারছেন না সাধারণ শ্রমিক। এমন অবস্থার মধ্যেও সোমবার মজুরি প্রস্তাব দেবেন মালিকপক্ষ।
মজুরি বৃদ্ধিসহ বেশকিছু দাবিতে গেল তিন সপ্তাহ ধরে শিল্পাঞ্চলগুলোতে চলছে বিক্ষোভ-আন্দোলন। মজুরি বোর্ড গঠনের পর পরিস্থিতি কিছুটা শিথিল হলেও পুরোপুরি কারখানা সচল করতে পারেননি বহু শিল্পমালিক। ফলে কারখানা বন্ধের পাশাপাশি কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় চলছে কার্যক্রম।
এমন বাস্তবতায় মজুরি বোর্ডের তৃতীয় সভার দুইদিন আগে বিজিএমইএ ভবনে জরুরি বৈঠকে বসেন শিল্পমালিকরা। সিদ্ধান্ত নেন, চলমান শ্রম অসন্তোষে যারা কারখানা চালাতে পারছেন না, শ্রম আইন অনুযায়ী তারা ১৫ নভেম্বর থেকে কারখানা বন্ধ রাখবেন।
ব্রিফিংয়ে জানানো হয়, কারখানার ভেতরে ভীতিকর পরিস্থিতি তৈরি করছে একটি মহল। ফলে হাজিরা দিয়ে বের হয়ে যেতে বাধ্য হচ্ছেন সাধারণ শ্রমিক। এতে ক্রেতাদের কাছে তৈরি হচ্ছে ভাবমূর্তি সংকট।
বিজিএমইএ জানায়, চলমান আন্দোলনে শনিবার বন্ধ ছিলো ৫৫টি কারখানা। চেষ্টা করেও উৎপাদনে যেতে পারেনি আরও ৯২টি। সর্বোমোট ১৪৭টি কারখানা উৎপাদন করতে পারেনি। এমন পরিস্থিতিতেও মজুরি বোর্ডে বেতন কাঠামো প্রস্তাব দেবেন মালিকপক্ষ।
এসময় কারখানা সচল রাখতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস চান শিল্পমালিকরা।
এএইচ
আরও পড়ুন










