ঢাকা, রবিবার   ১৫ নভেম্বর ২০২৬

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৬, ১৫ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনের মুখে রোববার (১৫ নভেম্বর) সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের প্রায় ১২১টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্যমতে, শ্রম আইনের ১৩(১) ধারায় ‘কাজ নেই, মজুরি নেই’ নীতির আওতায় ৬৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সার্বিক পরিস্থিতির কারণে উৎপাদন চালানো সম্ভব না হওয়ায় আরও ৫৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এর আগে শনিবার (১৪ নভেম্বর) মালিকপক্ষ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিল যে, শ্রমিক অসন্তোষের কারণে কারখানা সচল রাখা অসম্ভব হয়ে পড়লে রোববার থেকে শ্রম আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেওয়া হবে। 

বিজিএমইএ ও বিকেএমইএ’র যৌথ বৈঠক শেষে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান সাংবাদিকদের বলেছিলেন, টানা ১২ থেকে ১৪ দিন অস্থিরতার মধ্যেও মালিকরা কারখানা চালু রাখার সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে কঠোর সিদ্ধান্ত নিতে হবে।

রোববার বিকেলে বিজিএমইএ সভাপতি জানান, শিল্পাঞ্চলের পরিস্থিতির কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ১৩(১) ধারায় যেসব কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছিল, তাদের মধ্যে বেশ কয়েকজন মালিক পুনরায় উৎপাদন শুরু করার কথা ভাবছেন। শ্রমিক ফেডারেশনের নেতাদের পক্ষ থেকেও কারখানা সচল রাখার বিষয়ে ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।

ন্যূনতম মজুরি নির্ধারণ প্রসঙ্গে মাহমুদ হাসান খান জানান, আগামী সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের কাছে মালিকপক্ষের চূড়ান্ত প্রস্তাব জমা দেওয়া হবে। তবে কৌশলগত কারণে প্রস্তাবিত মজুরির অঙ্কটি এখনই প্রকাশ করতে রাজি হননি তিনি।

উল্লেখ্য, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে পোশাকশ্রমিকরা আন্দোলন চালিয়ে আসছেন। এই আন্দোলনের জেরে বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটায় দেশের প্রধান রপ্তানি আয়ের খাতটিতে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে।
রোববার সাভার ও আশুলিয়া এলাকার বন্ধ কারখানাগুলোর প্রধান ফটকে টাঙানো নোটিশে মজুরি আন্দোলন, বেআইনি ধর্মঘট, সহিংসতা ও অস্থিতিশীল পরিবেশকে উৎপাদন বন্ধের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাময়িক ছাঁটাই এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণাসহ বিভিন্ন কারণে কারখানাগুলোতে উৎপাদন বন্ধ রয়েছে। সকালে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা ভেতরে প্রবেশ করলেও কর্মবিরতি পালন করেন, তবে পরবর্তীতে তাদের অনেকেই কাজে ফিরেছেন।

এদিকে সাধারণ ছুটি ঘোষণার পর ‘ন্যাচারাল ওয়াশিং প্ল্যান্ট লিমিটেড’সহ কয়েকটি কারখানার শ্রমিকরা ফটকের বাইরে জড়ো হয়ে অবস্থান নেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও ভাঙচুর এড়াতে শিল্পাঞ্চল জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি