সরকার গঠন নিয়ে নেতানিয়াহু-আইজেনকটের আলোচনা ব্যর্থ
প্রকাশিত : ১২:৫৫, ২৩ নভেম্বর ২০২৬
ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের দলের মধ্যে নতুন দফার আলোচনা শেষ করেছে। তবে সম্ভাব্য জোট সরকার গঠন নিয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি তারা।
রোববার তেল আবিবের কাছে হার্জলিয়ার একটি হোটেলে আইজেনকটের ইয়াশার পার্টি ও নেতানিয়াহুর লিকুদ পার্টির প্রতিনিধিদল চার ঘণ্টা ধরে বৈঠক করে। গত রোববার প্রথম দফার আলোচনার পর এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দুই দলের এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘জোট সরকার গঠন নিয়ে সর্বশেষ দফার আলোচনা শেষ হয়েছে। দুই পক্ষ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে এবং সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।’ তবে বৈঠকের তারিখ বা এ বিষয়ে অন্য কোনো তথ্য জানানো হয়নি।
ইসরাইলের সেনাবাহিনীর সাবেক প্রধান আইজেনকটের আগামী ৬ ডিসেম্বরের মধ্যে সরকার গঠনের সময়সীমা রয়েছে। প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে। গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে কোনো পক্ষই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আইজেনকটের ৪৮ সদস্যের জোটের সংখ্যাগরিষ্ঠতা পেতে ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। তবে সরকার গঠনে কট্টর-রক্ষণশীল ইহুদি দলগুলোর সঙ্গে জোট, আরব দলগুলোর সঙ্গে সমঝোতা, নাকি লিকুদ পার্টির সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করা হবে—তা নিয়ে জোটের মধ্যে মতভেদ রয়েছে।
নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে। এ ধরনের সরকার হলে দুই নেতার মধ্যে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব বণ্টনের সুযোগ তৈরি হতে পারে। ইসরাইলে এর আগে এ ধরনের ব্যবস্থা চালু হয়েছিল।
এমন ব্যবস্থা নেতানিয়াহুকে তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ থেকে রাজনৈতিক সুরক্ষা বজায় রাখতে সহায়তা করতে পারে। পাশাপাশি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে নিরাপত্তা ব্যবস্থায় ব্যর্থতার ঘটনা তদন্তে স্বাধীন কমিশন গঠনের বিরোধিতা অব্যাহত রাখার সুযোগও তৈরি হতে পারে।
তবে এ সম্ভাবনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে আইজেনকটের অবস্থান। নেতানিয়াহুর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যোগ দিতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন। নেতানিয়াহুর বিরুদ্ধেই তিনি নির্বাচনী প্রচারের মূল অবস্থান গড়ে তুলেছিলেন।
আইজেনকটের মিত্র ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও শনিবার তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ‘কোনো অবস্থাতেই নেতানিয়াহু বা তার জোটের সঙ্গে সরকার গঠনে যোগ দেবেন না তিনি।’
শনিবার ইয়াশার পার্টি আলোচনার পুনরারম্ভকে ‘যতটা সম্ভব বৃহত্তর সরকার গঠনে আন্তরিক অঙ্গীকার’ হিসেবে তুলে ধরে। দলটি জানায়, আইজেনকট তার প্রতিনিধিদের সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।
তবে জাতীয় ঐক্যের সরকার গঠনে নেতানিয়াহুর সমর্থিত প্রস্তাবে অংশ নেওয়ার জন্য লিকুদ পার্টি তাৎক্ষণিকভাবে কয়েকটি শর্ত দিয়েছে। এসব শর্তের মধ্যে রয়েছে নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে ‘সব ধরনের ব্যক্তিগত আক্রমণ ও বিদ্বেষমূলক উসকানি’ বন্ধ করা।
এ ছাড়া আরব দলগুলোর অংশগ্রহণ ছাড়াই ‘ইহুদি জনগণের জাতিরাষ্ট্র হিসেবে ইসরাইলের অস্তিত্বকে সমর্থন করে এমন সব দলকে’ একত্র করার আহ্বান জানিয়েছে লিকুদ।
নেতানিয়াহু ও তার মিত্ররা নিয়মিত আরব দলগুলোর সমালোচনা করে আসছেন। এসব দল আইনসভায় রেকর্ড ১৯টি আসন পেয়েছে এবং নেতানিয়াহুর ক্ষমতায় থাকার বিরোধিতা করছে।
লিকুদ পার্টি কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়েও ঐকমত্য চায়। এর মধ্যে রয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা এবং সিরিয়া, লেবানন ও গাজা উপত্যকার বিভিন্ন ভূখণ্ডে ইসরাইলের নিয়ন্ত্রণ বজায় রাখা।
কট্টর-রক্ষণশীল ইহুদিদের বাধ্যতামূলক সামরিক নিয়োগের বিষয়েও সমঝোতা চায় দলটি। ইসরাইলে এটি অত্যন্ত সংবেদনশীল একটি ইস্যু।
শুক্রবার আইজেনকট সতর্ক করে বলেন, তিনি আলোচনা দীর্ঘায়িত হতে দেবেন না। তিনি সংসদে একটি ‘জরুরি জাতীয় সরকার’ গঠনের প্রস্তাব দিতে প্রস্তুত রয়েছেন। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
তবে তার বক্তব্যে দুই ধাপের একটি পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে। প্রথমে প্রধান বিরোধী দলগুলোকে নিয়ে দ্রুত একটি সংখ্যালঘু সরকার গঠন এবং পরে এর পরিধি বাড়ানো।
আইজেনকটের নেতৃত্বাধীন সংখ্যালঘু সরকার আরব দলগুলোর ১৯ জন আইনপ্রণেতার সমর্থন পেতে পারে।
তবে তার ডানপন্থী মিত্র আভিগদর লিবারম্যান আরব দলগুলোর সঙ্গে কাজ করতে নারাজ। এর পরিবর্তে তিনি কট্টর-রক্ষণশীল ইহুদি দলগুলোর সঙ্গে জোট গঠনের পক্ষে।
এএইচ
আরও পড়ুন










