ঢাকা, রবিবার   ২৮ জুন ২০২৬

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৯, ২৮ জুন ২০২৬

Ekushey Television Ltd.

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৭ জন শিশু।

রোববার (২৮ জুন) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিতভাবে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬১৯ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৩ শিশু। ফলে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭১২ জনে।

এদিকে, গত একদিনে হামে নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছে ১১৬ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৯৪১ জন। সব মিলিয়ে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৭ জন।

একই সময়ে নতুন করে ৮৮৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৮৬৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ হাজার ২০৭ জনে। এর মধ্যে পরীক্ষায় ১১ হাজার ৭১০ জনের হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে মোট ৮২ হাজার ৮৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ১৫২ জন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি