ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬

২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৯, ১৪ মে ২০২৬

Ekushey Television Ltd.

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে। আর পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, ২০২৭। একইসঙ্গে আগামী বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৬ জুন থেকে। এ পরীক্ষা চলবে ১৩ জুলাই পর্যন্ত।

বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক সংবাদ সম্মেলনে এ তারিখ ঘোষণা করেন। ইতোমধ্যে রুটিন তৈরির কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি। 

শিক্ষামন্ত্রী জানান, সেশনজট কমিয়ে আনার লক্ষ্যে চলতি বছর ডিসেম্বরের মধ্যেই ২০২৭ সালের সব পরীক্ষা সম্পন্ন করার প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বিস্তারিত আলোচনার পর শিক্ষার্থীদের সুবিধার্থে এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

পাবলিক পরীক্ষার সময় নিয়মিত শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে লক্ষ্যে সরকারের একটি বড় পরিকল্পনার কথা জানান মন্ত্রী। 

এহছানুল হক মিলন বলেন, ‘সাধারণত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়, যা অন্যান্য ক্লাসের শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি করে। এই সমস্যা সমাধানে প্রতিটি উপজেলা পর্যায়ে একটি করে মাল্টিপারপাস পরীক্ষার হল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার।’

শিক্ষামন্ত্রী প্রশ্নপত্র ফাঁস রোধে এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষা বোর্ডগুলোকে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন। 

তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশের লক্ষ্যে বোর্ডগুলোকে এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি