ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রী বৃষ্টির খণ্ডিত মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৩, ২৭ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী বাংলাদেশি নাহিদা বৃষ্টির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) স্থানীয় সময় রাতে ট্যাম্পা বে এলাকার একটি সেতুর কাছ থেকে তার দেহাবশেষ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে ফ্লোরিডা পুলিশ। 

এর আগে গত শুক্রবার একই এলাকা থেকে জামিল লিমন নামের আরেক বাংলাদেশি শিক্ষার্থীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছিল।

তদন্তে জানা গেছে, গত সপ্তাহে এই দুই শিক্ষার্থী একসাথে নিখোঁজ হন। লিমনের ২৬ বছর বয়সী রুমমেট হিশাম আবুঘরবেকে এই জোড়া খুনের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত সূত্রে জানা যায়, লিমনের মরদেহ একটি ব্রিজের ওপর পচন ধরা অবস্থায় ট্র্যাশ ব্যাগে ভরা ছিল।

প্রসিকিউটরদের ধারণা, নাহিদা বৃষ্টিকেও একইভাবে হত্যা করে তার দেহাবশেষ সরিয়ে ফেলা হয়েছিল। ঘাতক হিশামের বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে। তবে মেধাবী এই দুই শিক্ষার্থীকে ঠিক কী কারণে হত্যা করা হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত করে কিছু জানায়নি।

প্রসিকিউটররা আদালতে জানান, গত ১৬ এপ্রিল লিমন ও বৃষ্টিকে শেষবার ক্যাম্পাসে দেখা গিয়েছিল। শুরুতে অভিযুক্ত হিশাম তাদের বিষয়ে কিছু জানেন না বলে দাবি করলেও সিসিটিভি ফুটেজ ও ফোনের লোকেশন অনুযায়ী তার বক্তব্যে অসঙ্গতি পাওয়া যায়। 

দুই বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যার দায়ে অভিযুক্ত হিশাম আবুঘরবেহ লাশ গুমের উপায় খুঁজতে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটির সাহায্য নিয়েছিলেন। আদালতের নথির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে।

২৬ বছর বয়সী হিশাম আবুঘরবেহর বিরুদ্ধে জামিল লিমন ও নাহিদা বৃষ্টিকে হত্যার দায়ে ‘ফার্স্ট-ডিগ্রি মার্ডার’-এর অভিযোগ আনা হয়েছে। 

উল্লেখ্য, অভিযুক্ত হিশাম ওই বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষার্থী এবং লিমনের রুমমেট ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি