গ্যাস সংকটে সিএনজি চালকদের ভোগান্তি, কমছে দৈনিক আয়
প্রকাশিত : ১৫:৫৮, ১১ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে গ্যাসের সংকটের কারণে সিএনজি অটোরিকশাচালকদের দুর্ভোগ বেড়েই চলেছে। গ্যাস নিতে দিনের বড় একটি সময় ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে তাদের। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, কমছে যাত্রী পরিবহনের সময় এবং সেই সঙ্গে কমে যাচ্ছে দৈনিক উপার্জন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর কয়েকটি সিএনজি স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বিভিন্ন স্টেশনে দেখা যায়, গ্যাস নেওয়ার জন্য সিএনজি অটোরিকশার দীর্ঘ সারি। কোথাও গ্যাসের চাপ কম থাকায় ধীরগতিতে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। ফলে লাইনে থাকা চালকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় অপেক্ষার পরও প্রয়োজনীয় পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে না।
চালকদের ভাষ্য, আগে যে সময়টুকু রাস্তায় গাড়ি চালিয়ে আয় করতেন, এখন তার একটি বড় অংশ চলে যাচ্ছে গ্যাস সংগ্রহে। কেউ কেউ দিনে একাধিকবার স্টেশনে যেতে বাধ্য হচ্ছেন। এতে যাত্রী পরিবহনের সময় কমে যাওয়ার পাশাপাশি আয়ও উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে।
মগবাজার এলাকার চালক ইমরুল বলেন, প্রতিদিন গ্যাসের জন্য প্রায় তিন থেকে চার ঘণ্টা অপেক্ষা করতে হয়। দীর্ঘ সময় লাইনে থাকার পরও অনেক সময় পর্যাপ্ত গ্যাস পাওয়া যায় না। ফলে গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়ার পর বেশিক্ষণ চালানো সম্ভব হয় না।
আরেক চালক মহসিন জানান, গাড়ির মালিককে প্রতিদিন ১ হাজার ২০০ টাকা জমা দিতে হয়। কিন্তু গ্যাস নিতে তিন থেকে চার ঘণ্টা সময় চলে যাওয়ায় আয় করার সুযোগ কমে যাচ্ছে। গ্যাসের চাপ কম থাকলে কখনো ১০০ থেকে ১২০ টাকার গ্যাস নিয়েই স্টেশন ছাড়তে হয়। কিছুক্ষণ গাড়ি চালানোর পর আবার গ্যাসের জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে।
চালকদের দাবি, গ্যাস সংকটের কারণে তাদের আয় কমলেও নিত্যপ্রয়োজনীয় খরচ আগের মতোই রয়েছে। ফলে সংসারের ব্যয় মেটাতে তাদের বাড়তি চাপের মধ্যে পড়তে হচ্ছে।
চালকদের প্রত্যাশা, দ্রুত গ্যাসের সরবরাহ ও চাপ স্বাভাবিক করা হবে। এতে স্টেশনগুলোতে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে এবং তারা স্বাভাবিক সময় রাস্তায় গাড়ি চালিয়ে আয় করতে পারবেন।
এমএইচ
আরও পড়ুন










