ছোবলের পর জীবন্ত গোখরা সাপ নিয়েই হাসপাতালে যুবক
প্রকাশিত : ২৩:৩৪, ৩০ এপ্রিল ২০২৬
ফরিদপুরের সদরপুরে বিষধর গোখরা সাপের কামড়ে রিপন শিকদার (৩৫) নামে এক যুবক সাপটিসহ হাসপাতালে গিয়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। রিপন শিকদার পেশায় একজন দোকানদার।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, দুপুরে নিজ দোকানে কাজ করার সময় একটি বয়ামে হাত দিতে গেলে ভেতরে লুকিয়ে থাকা একটি গোখরা সাপ তাকে ছোবল দেয়। পরে স্থানীয়দের সহায়তায় সাপটিকে ধরে চিকিৎসার জন্য সেটিসহই সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রিপন শিকদারকে দ্রুত সাপের বিষনাশক (অ্যান্টিভেনম) দেওয়া হয়েছে।
কর্তব্যরত চিকিৎসক ডা. এফতেখার জানান, সময়মতো হাসপাতালে আসায় এবং সাপটি শনাক্ত করা সম্ভব হওয়ায় দ্রুত চিকিৎসা দেওয়া গেছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল থাকলেও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও কৌতূহল সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল ঘরবাড়ি বা দোকানের কোণে জমে থাকা জিনিসপত্র ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
এমআর//
আরও পড়ুন










