ঢাকা, রবিবার   ০৩ মে ২০২৬

দীর্ঘদিন পর পাবনায় ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন, তৃণমূলে প্রাণচাঞ্চল্য

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৮, ৩ মে ২০২৬ | আপডেট: ১৮:৪০, ৩ মে ২০২৬

Ekushey Television Ltd.

দীর্ঘ সময় পর পাবনায় জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটির তৃণমূল পর্যায়ে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, কামরুজ্জামান প্রিন্সকে আহ্বায়ক এবং সাদ্দাম হোসেনকে সদস্য সচিব করে ১০ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। গত ২ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সানজিদ হাসান প্রান্ত, মো. মাহবুব ইসলাম তরুণ, শামিম হোসেন হৃদয়, মো. এমকে ফরিয়াদ খান, সংগ্রাম তালুকদার, আসাদুল্লাহ আল গালিব এবং মো. আতিকুর রহমান মিঠু।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন। এ সময়ের মধ্যে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার জন্য কাজ করার আহ্বান জানানো হয়েছে।

দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও রাজপথে পরীক্ষিত নেতাকর্মীদের এ কমিটিতে স্থান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা। তাদের মতে, নতুন নেতৃত্বের মাধ্যমে পাবনায় ছাত্রদল আবারও সংগঠিত ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ছাত্রদল নেতা রফিক বিন নোমান, মো. সনজিত আহমেদ রাহুল, সেলিম আহমেদ ও মাসুদ রানা বলেন, “এই কমিটির সদস্যরা ত্যাগী ও পরীক্ষিত ছাত্রনেতা। তাদের নেতৃত্বে পাবনায় ছাত্রদল আরও সুসংগঠিত হবে এবং ছাত্রদের অধিকার আদায় ও দেশের স্বার্থে কাজ করবে।”

নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে শক্তিশালী করবে এবং আগামীর আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি