মন্ত্রীদের উপস্থিতিতে সাংবাদিকদের ঐক্যের বার্তা, উন্নয়নে আশ্বাস
প্রকাশিত : ১৮:৫১, ৩ মে ২০২৬
ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতি ও জেলার সাংবাদিকদের ঐক্যবদ্ধ অবস্থান এক অনন্য পরিবেশ সৃষ্টি করেছে।
উন্নয়ন, দায়িত্বশীল সাংবাদিকতা এবং পেশাগত ঐক্যের ওপর গুরুত্বারোপ করে অতিথিরা প্রেসক্লাবকে আরও শক্তিশালী ও গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, পাবনা প্রেসক্লাবের আবেদন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে এবং এর উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে। একই সঙ্গে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীও সহায়তা করবেন বলে তিনি উল্লেখ করেন। তিনি সাংবাদিকদের ঐক্যকে শক্তিশালী করে দেশের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান।
জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত প্রীতি সম্মিলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। প্রধান বক্তা ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফরজানা শারমিন পুতুল, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পুতুল বলেন, সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ ও দায়িত্বপূর্ণ পেশা। ইতিবাচক পরিবর্তনের জন্য সরকার কাজ করছে, আর সেই পরিবর্তন বাস্তবায়নে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। অপসাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
প্রধান বক্তা শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, পাবনা গুণী মানুষের জন্মভূমি। দেশের উন্নয়ন ও নতুন বাংলাদেশ গঠনে সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করলেই কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, প্রফেসর শিবজিত নাগ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ছিফাত রহমান সনম, সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা ও এস এ আসাদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন ও সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল।
শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং প্রয়াত সদস্য ও শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পুরো আয়োজনজুড়ে জেলার সাংবাদিকদের ঐক্য, পেশাগত দায়িত্ববোধ এবং উন্নয়নমুখী চিন্তার প্রতিফলন দেখা যায়।
এমআর//
আরও পড়ুন










