১২ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা
প্রকাশিত : ১০:৫০, ৪ মে ২০২৬
আটকের ১২ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেয়েছেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম।
রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ অন্য নেতাদের জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হানসহ অন্য নেতাদের জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে গতকাল দুপুর ১২টার দিকে কুমিল্লা শহরের শাসনগাছা এলাকার বাসা থেকে রেজাউল কাইয়ুমকে আটক করেন কোতোয়ালি মডেল থানা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পরে তাঁকে কুমিল্লা কোতয়ালি থানায় নেওয়া হয়।
রেজাউল কাইয়ুমকে আটকের প্রতিবাদ ও মুক্তির দাবিতে বিএনপি নেতা-কর্মী ও তাঁর সমর্থকেরা কুমিল্লা কোতোয়ালি মডেল থানার সামনে অবস্থান নেয়। দুপুর থেকে রেজাউল কাইয়ুমকে ছাড়ার পর পর্যন্ত থানার প্রধান ফটকের সামনে কয়েক শ’ নেতাকর্মী ছিলেন। রেজাউলের মুক্তির দাবিতে তাঁরা বিভিন্ন স্লোগান দেন।
ওই বিএনপি নেতাকে ছাড়ার পর পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে কুমিল্লার অন্যতম বৃহৎ ও ব্যস্ততম শাসনগাছা বাস টার্মিনালকেন্দ্রিক চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগ ছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়। পুলিশের দাবি, দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা না পাওয়ায় রেজাউলকে ছেড়ে দেওয়া হয়েছে।
ছাড়া পেয়ে রেজাউল কাইয়ুম দাবি করেন, ‘তাঁর বিরুদ্ধে একটি মহল বড় ধরনের ষড়যন্ত্র করেছে। অবশেষে সেটি মিথ্যা প্রমাণিত হয়েছে।’
তিনি বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়, তার বিন্দুমাত্র সত্যতা নেই। আমি আমাদের নেতা–কর্মীরসহ সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। দিনভর আমার জন্য যাঁরা কষ্ট করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
এএইচ
আরও পড়ুন










