ঢাকা, সোমবার   ০৪ মে ২০২৬

পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৫০ আসনে, তৃণমূল ১২৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯, ৪ মে ২০২৬

Ekushey Television Ltd.

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বিজেপি এগিয়ে আছে ১৫০টি আসনে, তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ১২৫টি আসনে। কংগ্রেস দল এগিয়ে আছে চারটি আসনে, অন্যান্যরা এগিয়ে একটি আসনে।

ভারতীয় সময় সোমবার সকাল ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া তথ্য।

কলকাতার ভবানীপুর আসনে এগিয়ে আছেন বর্তমান মুখ্যমন্ত্রী ও ওই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জী।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, দমদম উত্তরে এগিয়ে রয়েছেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য, পিছিয়ে আছেন সিপিআই(এম)-এর দীপ্সিতা ধর। মুর্শিদাবাদে বহরমপুরে এগিয়ে রয়েছেন তৃণমূলের নাড়ুগোপাল মুখার্জী, পিছিয়ে রয়েছেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী।

নন্দীগ্রামে এগিয়ে রয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী। পিছিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পবিত্র কর এবং বামফ্রন্টের শান্তি গোপাল গিরি। দমদমে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সী, পিছিয়ে রয়েছেন তৃণমূলের ব্রাত্য বসু।

মালদহে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন বিজেপির গোপাল চন্দ্রসাহা, পিছিয়ে আছেন কংগ্রেসের ভুপেন্দ্র নাথ হালদার এবং তৃণমূলের লিপিকা বর্মন। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর দক্ষিণে এখনো পর্যন্ত এগিয়ে আছেন বিজেপির রূপা গাঙ্গুলি, পিছিয়ে আছেন তৃণমূলের লাভলী মৈত্র।

পশ্চিমবঙ্গের যে আসনটির ফলাফলের দিকে সকলের নজর, সেই ভবানীপুর আসনের ভোট গণনা চলছে কলকাতার শাখাওয়াত স্কুলে। গণনা কেন্দ্রের সামনে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি হয়েছে। হাজির রয়েছেন তৃণমূল কংগ্রেস ও বিজেপি- দুই দলেরই সমর্থকরা। ভোর চারটা থেকে তারা সেখানে অবস্থান করছেন। তবে তাদের কাউকেই কাছাকাছি পৌঁছতে দেওয়া হচ্ছে না।

নিয়ম অনুযায়ী ভারতীয় সময় সকাল আটটা থেকে পোস্টাল ব্যালট দিয়ে ভোট গণনা শুরু হয়েছে।

অন্যদিকে, তামিলনাড়ুতে আজ সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৬৬ আসনে এগিয়ে আছে ডিএমকে। আর টিভিকে এগিয়ে আছে ৬১ আসনে। এ রাজ্যে এনডিএ জোট এগিয়ে আছে ৩৮ আসনে।

কেরালায় এগিয়ে আছে ইউডিএফ। দলটি ৫৯ আসনে এগিয়ে আছে। আর এলডিএফ এগিয়ে আছে ৪৭ আসনে। এনডিএ জোট এগিয়ে আছে ৬ আসনে।

আসামে এনডিএ এগিয়ে আছে ৫০ আসনে। কংগ্রেস জোট এগিয়ে আছে ৩৫ আসনে।

কেন্দ্রশাসিত পদুচেরিতে এনডিএ পাঁচটি আসনে এগিয়ে আছে। ডিএমকে ও কংগ্রেস জোট এগিয়ে আছে তিনটি আসনে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি