ঢাকা, বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৮, ১১ জুন ২০২৬

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের মদনপুরে একটি ফ্ল্যাট বাসায় সিলিন্ডার গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় ৫ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একই পরিবারের ৪ সদস্য রয়েছেন। 

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৬টায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- একই পরিবারের মান্নান (৫০), সুলতানা (৩৫), সিয়াম (১৯), মিম (১৩) এবং পথচারি শিশু হযরত আলী (৮)। এদের মধ্যে সুলতানার শরীরের ৯০ শতাংশ,  ছেলে সিয়াম ৭৭ শতাংশ, স্বামী মান্নান ৩০ শতাংশ, মেয়ে মিম ৪১ শতাংশ দগ্ধ হয়েছে। অপরদিকে পথচারি শিশু হযরত আলীর ৮ শতাংশ দগ্ধ হয়েছে।

এদের মধ্যে মা ও মেয়েকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, আর বাবা ও ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। অপর দগ্ধ এক শিশু ওই পরিবারের সদস্য নন। 

বর্তমানে আহতদের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা চলছে বলে জানান জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওনবির রহমান। 

বাড়ির মালিক আক্তার হোসেনের ছোট ভাই আসাদ জানান, সকাল সাড়ে ৬টার দিকে পাশের বাড়ির ভাড়াটিয়ারা আমাদেরকে দুর্ঘটনার খবর দেন। আমরা তখন দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স জোন-২ এর উপসহকারী পরিচালক ওসমান গণি। তিনি জানান, বাসায় গ্যাস সিলিন্ডার ও গ্যাসের লাইন দুটোই ছিলো। গ্যাস না থাকলে সিলিন্ডার ব্যবহার করতো বাড়ির সাবাই। সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়। পরবর্তীতে সকালে চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে। তখন একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন দগ্ধ হন। 

ঘটনাস্থলে যাওয়া বন্দর থানার ধামগড় ফাঁড়ির ইনচার্জ মুজাহিদুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি এবং পরিদর্শন করি। সিলিন্ডার বিস্ফোরণ থেকে ঘটনাটি ঘটে। আহতরা সবাই ঢাকায় চিকিৎসাধীন আছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি