ঢাকা, মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬

‘দুই কোটি টাকার নিচে নেব না’ পিডিবি প্রকৌশলীর ভিডিও ভাইরাল

‎লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪২, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৫৪, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

‎‘আমি দুই কোটি টাকার নিচে নেব না’ লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের কণ্ঠে এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে বিভিন্ন প্রকল্পের মালামাল, ঠিকাদারি বিল ও অর্থ লেনদেন নিয়ে কথোপকথন করতে শোনা যায়। 

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৮ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে পড়ে।

ভিডিওতে প্রকৌশলীকে বলতে শোনা যায়, ‘পাঁচ কোটি টাকা থেকে আমাকে দুই কোটি টাকা দেন, আমি সব সোজা করে দেব।’ 

পরে তাকে আরও বলতে শোনা যায়, ‘আমি দুই কোটি টাকার নিচে নেব না।’
‎
ভিডিওর আরেক অংশে টাকা রাখা বা ফেরত দেওয়া নিয়ে কথোপকথন রয়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘এই টাকাটা রাখব নাকি ফেরত দেব?’ 

এরপর টাকা রাখলে পরবর্তী সময়ে ফেরত দিতে পারবেন না—এমন কথাও শোনা যায়।
‎
কথোপকথনে পিডিবির সাব-ইঞ্জিনিয়ার সবুজ মিয়ার নামও উঠে আসে। তিনি পিডিবির লাইনের কাজের সঙ্গে সংশ্লিষ্ট বলে ভিডিওতে উল্লেখ করা হয়। বিভিন্ন প্রকল্পের মালামাল ও ‘ক্রস আর্ম’ সরবরাহ নিয়েও তাদের মধ্যে কথোপকথন শোনা যায়।

এছাড়া ভিডিওতে বিভিন্ন ঠিকাদারের বিল আটকে রাখা, মালামালের হিসাব এবং বিল ছাড়ের বিষয়েও আলোচনা করতে শোনা যায়। এক পর্যায়ে বিপুল অঙ্কের বিল আটকে রাখার দাবিও করা হয়।

তবে ভাইরাল ভিডিওটির সময়, স্থান, রেকর্ডকারী ব্যক্তি, কথোপকথনে থাকা অন্য ব্যক্তিদের পরিচয় এবং পুরো বক্তব্যের প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। 

ভিডিওটি সম্পাদিত কি না, কথোপকথনের সম্পূর্ণ অংশ কী এবং এতে উল্লেখ করা অর্থের অঙ্কের সঙ্গে বাস্তব কোনো লেনদেনের সম্পর্ক রয়েছে কি না—তাও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে লক্ষ্মীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন ও সাব-ইঞ্জিনিয়ার সবুজ মিয়ার সঙ্গে যোগাযোগ কল করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি