এসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনলো বিজিবি
প্রকাশিত : ১৪:৫৬, ১৬ অক্টোবর ২০২৬
গতকাল কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ১৫ ঘণ্টা পর মুক্তি পেয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) ভারতীয় কর্তৃপক্ষ তাদের বাংলাদেশ প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করে।
দুই পুলিশ সদস্য হলেন, ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন স্থানে মাদক উদ্ধার অভিযানে যায় পুলিশের একটি দল। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় থাকা পুলিশ সদস্যরা এক মাদক কারবারির উপস্থিতি টের পেয়ে তাকে ধাওয়া করেন। ধাওয়ার একপর্যায়ে কনস্টেবল রোহিত দেওয়ান অজান্তে সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন।
পরে ভারতীয় বাসিন্দারা তাকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করেন। খবর পেয়ে সহকর্মীকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরান হোসেনকেও আটক করা হয়।
পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা বৃহস্পতিবার রাত থেকেই দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।
ওসি মো. ফারুক হোসেন বলেন, শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটে তাদের বাংলাদেশ প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশের পক্ষে পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএইচ
আরও পড়ুন










