ঢাকা, শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৩, ১৬ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনে ও রেজিস্ট্রেশন নম্বর রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ জন্য প্রাথমিকভাবে মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত মাপ ও নকশা অনুসরণ করে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করতে হবে। মালিকদের নিজের উদ্যোগেই এ নম্বরপ্লেট বসাতে হবে। এর শেষ সময় আগামী ১৫ নভেম্বর। এই সময়ের মধ্যে নির্দেশনা না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় বিআরটিএ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষের অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভ ধাতব নম্বরপ্লেট ব্যবহারের বিধান রয়েছে। এখন থেকে পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন করতে হবে।

সামনের ম্যানুয়াল নম্বরপ্লেটের আকার মোটরসাইকেলের ধরন অনুযায়ী নির্ধারণ করেছে বিআরটিএ। স্কুটারের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

স্কুটার ছাড়া অন্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এ ক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে। এসব মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর একটি আনুভূমিক রেখায় লেখা যাবে। যেমন— ঢাকা মেট্রো-ল-১১-১২২৯।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি