ঢাকা, বুধবার   ০৭ অক্টোবর ২০২৬

এটিএম সেবা বিঘ্নিত, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৭, ৬ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

সিস্টেম আপগ্রেড ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে দেশের ৩০টিরও বেশি বাণিজ্যিক ব্যাংকের এটিএম বুথ, কার্ড এবং ডিজিটাল লেনদেন সেবা হঠাৎ বন্ধ হয়ে পড়েছে। আকস্মিক এই বিপর্যয়ে লাখ লাখ গ্রাহক চরম ভোগান্তিতে পড়েছেন।

এই পরিস্থিতিতে নেটওয়ার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি)-র শীর্ষ কর্মকর্তাদের তলব করেছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে সুইচিংসহ কার্ডের সব ধরনের সেবা দ্রুত চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

জানা গেছে, গত ৪ অক্টোবর রাত ৯টা থেকে কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত আধুনিকায়ন, সিস্টেম মাইগ্রেশন ও ডাটাবেজ স্থানান্তরের কাজ শুরু হয়। এই রক্ষণাবেক্ষণ প্রক্রিয়ার কারণে নেটওয়ার্কের আওতাধীন ব্যাংকগুলোর গ্রাহকেরা এটিএম বুথ থেকে টাকা তোলা, পস মেশিন, অনলাইন কেনাকাটা ও আন্তঃব্যাংক ডিজিটাল ফান্ড ট্রান্সফারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গ্রাহক স্বার্থ রক্ষা ও আর্থিক লেনদেন স্বাভাবিক রাখতে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিঘ্নিত সেবাগুলো দ্রুততম সময়ের মধ্যে পুরোপুরি সচল করার জন্য কিউ-ক্যাশ পরিচালনাকারী সংস্থাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে স্বস্তির বিষয় হলো, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ প্ল্যাটফর্মের সঙ্গে সরাসরি যুক্ত থাকা বিভিন্ন ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং অন্যান্য পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের নিয়মিত লেনদেন সচল রয়েছে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক পরিচালিত স্বয়ংক্রিয় নিকাশ ঘর, বিইএফটিএন এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট  ব্যবস্থার কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

সাময়িক এই সংকটে গ্রাহকদের নিজ নিজ ব্যাংকের বিকল্প নির্দেশনা অনুসরণ করার এবং বিকল্প প্ল্যাটফর্ম ব্যবহার করে লেনদেন করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি