বেড়েছে চাল, ডিম ও মুরগির দাম, স্বস্তি নেই মাছের বাজারেও
প্রকাশিত : ১৭:৩২, ৯ অক্টোবর ২০২৬
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার রাজধানীর বাজারে চাল, ডিম ও মুরগির দাম আরও এক দফা বেড়েছে। মাছের বাজারেও চড়া দাম বিরাজ করায় সাধারণ ক্রেতাদের মাঝে তীব্র অসন্তোষ দেখা গেছে। তবে স্বস্তির বিষয় হচ্ছে, বাজারে সবজির দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে।
সরজমিনে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে নাজিরশাইল ও মিনিকেট চালের দাম কেজিতে চার থেকে ছয় টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে এসব চাল প্রতি কেজি সত্তর থেকে পঁচানব্বই টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পাইজাম চালের দাম বেড়ে প্রতি কেজি ৫৮ থেকে ৬০ টাকায় দাঁড়িয়েছে। চালের পর বেড়েছে ডিমের দামও। গত সপ্তাহের তুলনায় প্রতি ডজনে পাঁচ থেকে সাত টাকা বেড়ে লাল ডিম এখন ১৫০ থেকে ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে।
মুরগি ও মাছের বাজারেও একই রকম ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা এবং সোনালি মুরগি ৩৬০ থেকে ৩৭০ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে সোনালি মুরগির দাম কেজিতে সর্বোচ্চ পঞ্চাশ টাকা পর্যন্ত বেড়েছে। অন্যদিকে রুই, কাতলা, কৈ ও শিং মাছসহ প্রায় সব ধরনের মাছের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে।
সবজির বাজারে বড় ধরনের পরিবর্তন না হলেও বেগুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। করলা, ফুলকপি ও বাঁধাকপিসহ বেশিরভাগ সবজি আশি থেকে নব্বই টাকায় থিতু হয়ে আছে। বিক্রেতারা বলছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন ও লেবার খরচ বেড়ে যাওয়ায় পণ্যের দামের ওপর এর প্রভাব পড়েছে। এই অবস্থায় সীমিত আয়ের মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়ায় বাজারে নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা।
এমএইচ
আরও পড়ুন










