ঢাকা, বুধবার   ১৪ অক্টোবর ২০২৬

৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৭, ১৪ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) আপগ্রেডেশন কার্যক্রমের কারণে টানা দুই দিন (৪৮ ঘণ্টা) বন্ধ থাকবে সোনালী ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং সেবা। 

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক থেকে এক সার্কুলারে বিষয়টি জানানো হয়েছে।

আগামী ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ১১টা থেকে ১৭ অক্টোবর (শনিবার) রাত ১১টা পর্যন্ত এ কার্যক্রম চলার কথা রয়েছে। এ সময়ে ব্যাংকটির নিয়মিত ব্যাংকিং কার্যক্রম ও সেবায় সাময়িক বিঘ্ন ঘটবে। 

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই আপগ্রেডেশন কার্যক্রমের অনুমতি দেয়া হয়েছে জানিয়ে সার্কুলারে। 

আরও বলা হয়, ব্যাংকটির কোর ব্যাংকিং সফটওয়্যারের ডেটাবেজ সংস্করণ উন্নীত করার কাজ করা হবে। এ জন্য সফটওয়্যারের ডেটাবেজ সংস্করণ ‘ওরাকল ১১জি’ থেকে ‘ওরাকল ১৯সি’-তে উন্নীত করা হবে।

নির্ধারিত সময় অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১১টায় আপগ্রেডেশন কার্যক্রম শুরু হবে। শনিবার রাত ১১টায় এ কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। এ সময় ব্যাংকটির সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ও সেবা বন্ধ থাকবে।

ফলে এ সময়ে ব্যাংকিং সেবা নিতে গ্রাহকদের সাময়িক অসুবিধায় পড়তে হতে পারে। এ কারণে প্রয়োজনীয় ব্যাংকিং কাজ আগেই সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও বলা হয়, আগামী শনিবার (১৭ অক্টোবর) কোনো টেকনিক্যাল জটিলতা না হলে ব্যাংকটির স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমসহ বিবিধ সার্ভিস চলমান থাকবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি