ঢাকা, রবিবার   ১০ মে ২০২৬

পদত্যাগ করলেন ঢাবি প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৬, ১০ মে ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। 

রোববার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগপত্রে অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে তিনি প্রক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন এবং দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়ায় সহযোগিতা করবেন।

চিঠিতে তিনি বলেন, গত ২০ মাস প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করা তার জন্য সম্মানের ছিল। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার সুযোগ পাওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ছাড়া দায়িত্ব পালনের সময় সহযোগিতার জন্য সহকারী প্রক্টর, প্রক্টর অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই, শুভানুধ্যায়ী এবং শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

উপাচার্যের দিকনির্দেশনা ও সহযোগিতার জন্যও ধন্যবাদ জানিয়ে অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ভবিষ্যতেও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের সেবা করে যেতে চান।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্ট মাসে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি