ঢাকা, মঙ্গলবার   ১৯ মে ২০২৬

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০০, ১৯ মে ২০২৬

Ekushey Television Ltd.

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৩৭টি শিশু।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে নয় শিশুর মৃত্যু হয়েছে। সেই সাথে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও দু’টি শিশুর।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৩৯৮টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৭৭টি শিশু মারা গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৪৭৫টি শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৭৩টি শিশু হামে আক্রান্ত হয়েছে আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ২৬৪। এই সময় এক হাজার ১১৫টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ১১০টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬০ হাজার ৫১৫ আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা সাত হাজার ৯২৯। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৪৩ হাজার ৯৮৩ রোগী, যাদের মধ্যে ৪০ হাজার ৯০ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি