ঢাকা, সোমবার   ১০ আগস্ট ২০২৬

বাংলা কিউআর লেনদেনে মার্চেন্ট ফি বাতিল, প্রণোদনা ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫০, ১০ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেন আরও জনপ্রিয় ও সহজ করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে মার্চেন্ট ফি সম্পূর্ণ বাতিল করা হয়েছে। একইসঙ্গে প্রতিটি লেনদেনে আকর্ষণীয় প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ফলে এখন থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের লেনদেনের বিপরীতে কোনো ধরনের ফি পরিশোধ করতে হবে না। এর পাশাপাশি ছোট ও প্রান্তিক ব্যবসায়ীদের উৎসাহিত করতে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা দেওয়া হবে। 

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংক থেকে এই সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, বিক্রেতা বা মার্চেন্টসহ টাকা পরিশোধ ব্যবস্থায় অংশ নেওয়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট হারে আর্থিক প্রণোদনা প্রদান করা হবে। প্রণোদনার এই কাঠামো অনুযায়ী, প্রতি ১০০ টাকা লেনদেনের বিপরীতে একুয়ারিং প্রতিষ্ঠান পাবে ১০ পয়সা এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান পাবে ২০ পয়সা।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, মার্চেন্ট পেমেন্ট প্রক্রিয়া আরও সহজ করা এবং দেশের ক্ষুদ্র ও প্রান্তিক পণ্য ও সেবা বিক্রেতাদের ডিজিটাল পেমেন্ট কাঠামোর আওতায় এনে দেশের সামগ্রিক ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যেই এই যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, ডিজিটাল লেনদেনের ব্যয় কমানো এবং দেশকে নগদ লেনদেননির্ভর অর্থনীতি থেকে বের করে আনতে বাংলা কিউআর লেনদেনে আন্তঃবিনিময় পুনর্ভরণ মাশুল (আইআরএফ) শূন্য শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২-এর সার্কুলার লেটার নম্বর ০৬ অনুযায়ী, বাংলা কিউআরের মাধ্যমে সম্পন্ন লেনদেনের ক্ষেত্রে লেনদেন প্রেরণকারী প্রতিষ্ঠান, অর্থাৎ যে প্রতিষ্ঠান গ্রাহকের হিসাব থেকে অর্থ স্থানান্তর করে, ওই প্রতিষ্ঠান লেনদেন গ্রহণকারী প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো ফি বা সেবা মাশুল নিতে পারবে না।

নির্দেশনাটি তফসিলি ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান, অর্থ পরিশোধ সেবাদাতা প্রতিষ্ঠান এবং অর্থ পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে। এর ফলে বাংলা কিউআর ব্যবস্থার সঙ্গে যুক্ত সব প্রতিষ্ঠানের জন্য অভিন্ন শূন্য আন্তঃবিনিময় মাশুল ব্যবস্থা কার্যকর হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি