ঢাকা, বুধবার   ২৭ মে ২০২৬

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৩, ২৬ মে ২০২৬

Ekushey Television Ltd.

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও রোগটির উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ১৩৬টি শিশু।

মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে নয়টি শিশুর মৃত্যু হয়েছে। সেই সাথে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও একটি শিশুর।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৪৬৭টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৮৮টি শিশু মারা গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৫৫৫টি শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৫৩টি শিশু হামে আক্রান্ত হয়েছে আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ৮৩। এই সময়ে ৯৪৫টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ১৮১টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৬ হাজার ২৩। নিশ্চিত হাম রোগীর সংখ্যা আট হাজার ৭৭২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৫২ হাজার ৫৩০ রোগী, যাদের মধ্যে ৪৮ হাজার ৮০০ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি