ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৯
প্রকাশিত : ১৯:০২, ২৩ আগস্ট ২০২৬
সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত গত ২৪ ঘণ্টায় মারা গেছেন পাঁচ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় যে পাঁচজন মারা গেছেন তাদের মধ্যে চারজনই ঢাকা বিভাগের। বাকি একজন ময়মনসিংহ বিভাগের রোগী।
এ নিয়ে এই বছরের পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৮২ জন মারা গেছেন। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ২৮ জন। এ ছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশের আট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন। এর ফলে গত পহেলা জানুয়ারি থেকে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯২৯ জনে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ৭৯৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৮৯৭ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ২৮৭ জন। এ ছাড়া খুলনা বিভাগে ১৫৯ জন, বরিশালে ১১৭, চট্টগ্রামে ১০০, ময়মনসিংহে ৭৯ এবং রাজশাহীতে ৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এএইচ










