ইসরায়েলি আগ্রাসনে ক্ষুধায় ভুগছে শিশুরা ও বন্ধ হয়েছে শিক্ষা
প্রকাশিত : ২১:৪২, ৩০ সেপ্টেম্বর ২০২৬
লেবাননে চলমান ইসরায়েলি যুদ্ধ ও সামরিক অভিযানের কারণে দেশটিতে চরম অর্থনৈতিক ও মানবিক সংকট তৈরি হয়েছে। এর ফলে লেবাননের ৮০ শতাংশ পরিবারই এখন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য হারিয়েছে।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের একটি নতুন রিপোর্টে সতর্ক করা হয়েছে যে, চলমান পরিস্থিতির কারণে লেবাননের শিশুরা তীব্র ক্ষুধায় ভুগছে। সেই সাথে তারা শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং ব্যাপক মানসিক চাপের সম্মুখীন হচ্ছে।
ইউনিসেফের জরিপ অনুযায়ী, লেবাননের প্রায় ২২ শতাংশ পরিবারের শিশুরা রাতে পর্যাপ্ত খাবার না পেয়ে ক্ষুধায় ঘুমাতে যাচ্ছে। অন্যদিকে ৩১ শতাংশ পরিবার জানিয়েছে যে, তাদের শিশুরা অসুস্থ হলেও প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছে না।
সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে লেবাননে অন্তত ২৬১ জন শিশু নিহত হয়েছে এবং ১ হাজার ৫৬ জন শিশু গুরুতর আহত হয়েছে। এছাড়া ইসরায়েলি হামলায় দেশটির ৪৩৬টি স্কুল আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে গেছে। এর ফলে হাজার হাজার শিশুর প্রথাগত শিক্ষা কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।
লেবাননে নিযুক্ত ইউনিসেফের প্রতিনিধি মারকোলুইজি করসি এই সংকটের গভীরতা তুলে ধরে জানান, লেবাননের শিশুরা বর্তমান পরিস্থিতিতে এমন এক মানসিক ও শারীরিক বোঝা বহন করছে, যা কোনো শিশুরই বয়ে বেড়ানো উচিত নয়। তিনি শিশুদের সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন










