যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক সহিংসতা ও গুলিবর্ষণ, নিহত ২৪
প্রকাশিত : ১৭:৩৫, ২ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র হ্যালোইন উৎসব ঘিরে ব্যাপক সহিংসতা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে এসব ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯৪ জন। ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়ার পর্যন্ত নৈশক্লাব, পোশাকের দোকান, স্টেডিয়ামের বাইরে ও বিশ্ববিদ্যালয় এলাকার কাছে এসব ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস বলছে, যুক্তরাষ্ট্রজুড়ে হ্যালোইন উৎসব ঘিরে সহিংসতায় অন্তত ২৪ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছেন বলে পুলিশের বিভিন্ন বিবৃতিতে জানানো হয়েছে।
এর মধ্যে টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের ডিপ এলাম এলাকায় স্থানীয় সময় রোববার (১ নভেম্বর) ভোরে তিনটি পৃথক গুলির ঘটনায় অন্তত চারজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।
সংবাদমাধ্যম বলছে, গত ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় বন্দুক সহিংসতার একাধিক ঘটনা ঘটে। সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস, এনবিসি এবং বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্যের ভিত্তিতে অন্তত ২৪ জনের মৃত্যু ও ৯৪ জনের আহত হওয়ার সংখ্যা জানা গেছে।
ডালাসের ডিপ এলাম এলাকাটি শহরের বিনোদন এলাকা হিসেবে পরিচিত। সেখানে বার, রেস্তোরাঁ, সংগীত পরিবেশনার স্থান এবং নাইটক্লাব রয়েছে। হ্যালোইন উপলক্ষে স্থানীয় সময় গত শনিবার রাতেও বিপুলসংখ্যক মানুষ ওই এলাকায় জড়ো হয়েছিলেন।
ডালাস পুলিশ বিভাগের আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী, প্রথম ঘটনা ঘটে এলম স্ট্রিটের ২৬০০ ব্লকে রাত ১২টা ২০ মিনিটে। দ্বিতীয় ঘটনা ঘটে রাত ১টা ০৫ মিনিটে মেইন স্ট্রিটের ২৬০০ ব্লকে। আর তৃতীয় গুলিবর্ষণ হয় রাত ১টা ৩৫ মিনিটে সাউথ ক্রাউডাস স্ট্রিটের ২০০ ব্লকে।
ডালাস পুলিশ জানিয়েছে, তিনটি ঘটনায় মোট ১৯ জন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে চারজন মারা যান এবং ১৫ জন আহত হন। আহতদের কয়েকজনকে জরুরি চিকিৎসাকর্মীরা হাসপাতালে নিয়ে যান। অন্যরা নিজেরাই চিকিৎসা নিতে হাসপাতালে পৌঁছান।
টেক্সাসে গুলির এই ঘটনাগুলো ছিল হ্যালোইন ঘিরে সহিংসতার ধারাবাহিকতার অংশ। ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়ার পর্যন্ত বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। নৈশক্লাব, পোশাকের দোকান, স্টেডিয়ামের বাইরে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে গুলির ঘটনা ঘটেছে।
মার্কিন সংবাদমাধ্যমটি বলছে, দেশজুড়ে হ্যালোইন উদ্যাপনের সময় এসব সহিংসতা ঘটে। এই উৎসবে মানুষ নানা সাজে বাইরে বের হন; পাশাপাশি মদ্যপান ও মাদক গ্রহণের ঘটনাও থাকে। বিশেষজ্ঞদের মতে, এসবের সঙ্গে আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা যুক্ত হলে সহিংসতার ঝুঁকি তৈরি হতে পারে।
ডালাসের পুলিশপ্রধান ড্যানিয়েল কোমো জানিয়েছেন, হ্যালোইন উপলক্ষে আগেই অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছিল। ফলে গুলির খবর পাওয়ার পর কাছাকাছি থাকা কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্তের কথাও জানান তিনি।
এদিকে ফ্লোরিডার জ্যাকসনভিলে দুটি পৃথক গুলির ঘটনায় ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। নিহত হয়েছেন দুজন। জ্যাকসনভিল পুলিশ বিভাগের মতে, ওই ঘটনায় আহত আরও দুজনও অনিচ্ছাকৃতভাবে গুলির লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন।
জ্যাকসনভিলের আরেকটি স্থানে রোববার স্থানীয় সময় রাত ৩টা ৪৫ মিনিটের দিকে শতাধিক মানুষের অংশগ্রহণে চলমান পার্টি রাস্তায় ছড়িয়ে পড়লে গুলির ঘটনা ঘটে। এতে ১০ জন গুলিবিদ্ধ হন। নিহত হন ২০ বছর বয়সী এক তরুণ। আহত ১৫ বছর বয়সী এক কিশোরী স্থিতিশীল অবস্থায় রয়েছে। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক।
এছাড়া মিসিসিপির জ্যাকসনের একটি নৈশক্লাবেও গুলির ঘটনা ঘটে। এতে দুজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
অন্যদিকে নর্থ ক্যালিফোর্নিয়ার একটি পোশাকের দোকানে এক বন্দুকধারীর গুলিতে চার সন্তানের জননী এক অন্তঃসত্ত্বা মা নিহত হন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই কিশোরের অবস্থা আশঙ্কাজনক।
এছাড়া ওকলাহোমা সিটিতে হ্যালোইন পার্টি চলাকালে একটি ট্রেলার পার্কে গোলযোগের খবর পেয়ে পুলিশ যায়। সেখানে একজনের পায়ে একাধিক গুলি লাগে। তিনি বেঁচে যাবেন বলে ধারণা করা হচ্ছে। ওকলাহোমা সিটি পুলিশ বিভাগের তথ্যমতে, ঘটনাস্থলে দুজন গাড়ির ধাক্কায় নিহত হন। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয়।
হ্যালোইন উৎসবের সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছে বা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে দুই ডজনের বেশি মানুষ গুলিবিদ্ধ হয়েছেন।
আলাবামার বার্মিংহামে লেজিয়ন ফিল্ডের বাইরে গুলির ঘটনায় একজন নিহত ও আটজন আহত হন। এর আগে ওই মাঠে অ্যালাবামা এঅ্যান্ডএম ও অ্যালাবামা স্টেটের মধ্যে ‘ম্যাজিক সিটি ক্লাসিক’ নামে পরিচিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এছাড়া বার্মিংহাম থেকে প্রায় ৬০০ মাইল উত্তরে ইলিনয়ের ব্লুমিংটনে ইলিনয় ওয়েসলিয়ান ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছে গুলিবিদ্ধ আটজনকে সহায়তা করেন পুলিশ কর্মকর্তারা। ঘটনাস্থলেই ১৯ বছর বয়সী এক তরুণীকে মৃত ঘোষণা করা হয়। ব্লুমিংটন পুলিশ বিভাগের তথ্যমতে, আহত অন্য সাতজনকে আশপাশের হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।
নিউইয়র্ক টাইমস বলছে, ইলিনয়ের প্রায় ২০০ মাইল দক্ষিণ-পূর্বে ইন্ডিয়ানার ব্লুমিংটনে স্থানীয় পুলিশ ইন্ডিয়ানা ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছে বড় একটি জনসমাগম থেকে গুলির শব্দ শুনতে পায়। সেখানে হ্যালোইনের পাশাপাশি হোমকামিং উৎসবও চলছিল। শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে এসব ঘটনা ঘটলেও হামলার উদ্দেশ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
ব্লুমিংটন পুলিশ বিভাগের এক বিবৃতিতে বলা হয়, শহরের কেন্দ্রীয় এলাকায় একাধিক ব্যক্তিকে এমন আঘাত পাওয়া গেছে, যা গুলির কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এই ঘটনায় সাতজনকে আশপাশের হাসপাতালে নেয়া হয়েছে। আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে ওই ব্যক্তি গুলি চালিয়েছিলেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
ডেলাওয়্যার অঙ্গরাজ্যের নিউয়ার্ক শহরে ইউনিভার্সিটি অব ডেলাওয়্যারের কাছেও গুলিবর্ষণের ঘটনা ঘটে। সেখানে ছয়জন গুলিবিদ্ধ হন। এছাড়া আরকানসাস অঙ্গরাজ্যের ফায়েটভিলেও গুলিবর্ষণে ছয়জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি বিরোধের পর সেখানে গুলির ঘটনা ঘটে।
এদিকে হ্যালোইনে সহিংসতার ঝুঁকি সম্পর্কে তথ্য-উপাত্ত বিভিন্ন ইঙ্গিত দিলেও তা ঠেকানো কঠিন বলে মনে করেন বন্দুক সহিংসতা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা।
এমএইচ
আরও পড়ুন










