ঢাকা, শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬

সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর নিয়ে যা বলল ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৭, ১৩ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিতে হলে বাংলাদেশকে সামরিক বিমান পাঠাতে হবে—সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এমন খবরের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ভারত।

শুক্রবার (১৩ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্নের মুখোমুখি হন মুখপাত্র রণধীর জয়সওয়াল। তবে সরাসরি কোনো জবাব না দিয়ে বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে কিছু বলার নেই।’

এর আগে ওই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে ভারতের সামরিক ও বেসামরিক সূত্রের বরাতে দাবি করা হয়, শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ব্যাকচ্যানেলে বেশ কিছু শর্ত দিয়েছে নয়াদিল্লি। 

এর মধ্যে রয়েছে, তাকে ফেরত নিতে বাংলাদেশকে সামরিক বিমান পাঠাতে হবে এবং দেশে ফেরার পর তার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। এমনকি তাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।

এদিকে একই সংবাদ সম্মেলনে বাংলাদেশের সঙ্গে অনুষ্ঠেয় কনস্যুলার সংলাপ স্থগিত হওয়া সংক্রান্ত অপর এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী। এরই ধারাবাহিকতায় বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিয়মিত বৈঠক চলছে।

তিনি আরও উল্লেখ করেন, ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্বটি উভয় পক্ষের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। সেখানে দুই দেশের নাগরিকদের সংশোধিত ভ্রমণব্যবস্থাসংক্রান্ত বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হবে। বিদ্যমান কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত রয়েছে বলেও স্পষ্ট করেন তিনি।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি