ঢাকা, সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬

হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ৯ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৭:২০, ৯ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার পদত্যাগপত্র দিয়েছেন। নিজের পদত্যাগ করার ইচ্ছা পোষণ করে প্রধান বিচারপতির মাধ্যমে ৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ১৬ অক্টোবর সুপ্রিমকোর্টে কয়েকজন বিচারপতির পদত্যাগের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে হাইকোর্টের ১২ বিচারপতিকে বেঞ্চ না দেয়ার সিদ্ধান্ত দেন তখনকার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ১২ বিচারপতির মধ্যে নাইমা হায়দারও ছিলেন। তার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত চলছিল।

এদিকে কিছুদিন আগে বিদেশে থেকে পদত্যাগপত্র পাঠানো হাইকোর্টের বিচারপতি মামনুন রহমানের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সুপ্রিমকোর্ট প্রশাসন।

উল্লেখ্য, নাইমা হায়দার ১৯৮৯ সালে জেলা আদালতের একজন আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত হন। ১৯৮৯ এবং ১৯৯৩ সালে হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে নথিভুক্ত হন। তিনি ২০০৯ সালের ৩০ জুন আওয়ামী লীগ সরকারের আমলে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। ২০১১ সালের ৩০ জুন একই বিভাগের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান।

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি