ঢাকা, সোমবার   ৩০ মার্চ ২০২৬

সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৯, ৩০ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

জুলাই গণ–অভ্যুত্থানকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেনকে হত্যার ঘটনায় করা মামলায় বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেস্ট আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। 

২০০৯ সালে সেনাবাহিনী থেকে বরখাস্ত সাবেক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে সোমবার ভোররাতে মিরপুর ডিওএইচএসের বাসা থেকে আটক করে ডিবি পুলিশ।

তিনি ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত সময়ে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে কর্মরত ছিলেন। গত সপ্তাহে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়। আফজাল নাছেরসহ এ পর্যন্ত ওয়ান ইলেভেন সরকারের তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

দেলোয়ার হত্যা মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকাল সাড়ে ৩টার দিকে মিরপুর ১০ নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে দেশি অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগের ৫০০-৭০০ নেতাকর্মী। এসময় শেখ মামুন খালেদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে এলোপাতাড়ি গুলি চালানো হয়।

তাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন। চিকিৎসাধীন অবস্থায় গত ২১ জুলাই শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি