ঢাকা, রবিবার   ১৬ আগস্ট ২০২৬

শাপলা চত্বর হত্যা মামলার পরবর্তী শুনানি ৩ সেপ্টেম্বর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৮, ১৬ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

২০১৩ সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলার পরবর্তী শুনানির তারিখ ৩ সেপ্টেম্বর। 

আজ রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এক আদেশে এই দিন ধার্য করেন। 

সব তদন্ত প্রতিবেদন না আসায় এ তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল ২। 

আজ কারাগারে থাকা ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন- সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর  টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও সাবেক চিফ রিপোর্টার ফারজানা রুপা এবং সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল জলিল মন্ডল। 

আগামী ধার্য তারিখে সাবেক দুই মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও হাসানুল হক ইনুসহ গ্রেপ্তার ১১ আসামিকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। 

এর আগে গত ২৭ জুলাই শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। শাপলা চত্বরের ঘটনায় এ পর্যন্ত ৬১ জন নিহতের তালিকা পাওয়া গেছে, যাদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে।

১৩ বছর আগে হেফাজতে ইসলামের ওই সমাবেশকে কেন্দ্র করে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরের হত্যাযজ্ঞে ২৭ জুলাই মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ৪১ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। 

তাঁদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রীসহ ১৫ জন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য, ২১ জন বিভিন্ন বাহিনীর সাবেক সদস্য, তিনজন রাজনীতিবিদ ও সংগঠক এবং দুজন সাংবাদিক রয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি