ঢাকা, সোমবার   ০৫ অক্টোবর ২০২৬

বিমানবন্দরের ঘটনায় জামিন পেলেন না বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৩, ৪ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কর্মকর্তাদের লাঞ্ছিত ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৪ অক্টোবর) একদিনের রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর বিকেল সোয়া ৩টার দিকে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটকে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহার অনুযায়ী, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালামালের লাগেজ ও ট্রলি সংকট নিয়ে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের সঙ্গে মেজর (অব.) আখতারুজ্জামানের তীব্র বাগবিতণ্ডা হয় এবং তিনি হুমকি প্রদান করেন বলে অভিযোগ আনা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ করার সময় নিরাপত্তারক্ষীরা বাধা দিলে আখতারুজ্জামান তাদের সঙ্গে অসদাচরণ করেন ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এছাড়া জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তার সঙ্গে মারমুখী আচরণ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এই ঘটনার জেরে গত শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরবর্তীতে তাকে বিমানবন্দর থানার এই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। গতকাল শনিবার আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। রিমান্ড শেষে আজ তাকে পুনরায় আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি