সৌদির আরামকোর তেল স্থাপনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
প্রকাশিত : ২০:০২, ৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:০৫, ৪ অক্টোবর ২০২৬
সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং দেশটির পূর্বাঞ্চলের তেল-সমৃদ্ধ খুরাইস এলাকায় অবস্থিত রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান আরামকোর একটি তেল সাইটে বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
রোববার (৪ অক্টোবর) হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি দাবি করেন, "উভয় সামরিক অপারেশনই সফলভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। হামলাগুলো অত্যন্ত নিখুঁত ছিল, যার ফলে লক্ষ্যবস্তু হওয়া স্থানগুলোতে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে।"
অবশ্য এই হামলার বিষয়ে সৌদি আরবের সরকারি বা সামরিক পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
হুথি মিলিশিয়ারা এই হামলাকে ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত অঞ্চলে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সরাসরি প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে। একই সাথে তারা সৌদির সামরিক ও গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলোতে ভবিষ্যতে আরও বড় ধরনের বোমাবর্ষণের হুঁশিয়ারি দিয়েছে।
বিবৃতিতে ইয়াহিয়া সারি আরও বলেন, শত্রুপক্ষ আমাদের জনগণের বিরুদ্ধে অন্যায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে। তারা গত ১২ ঘণ্টায় রাজধানী সানা, আল-জওফ, তাইজ, আমরান, হজাহ এবং সাদা প্রদেশ লক্ষ্য করে প্রায় ৫০টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সেই আগ্রাসনের জবাব দিতেই সৌদির অভ্যন্তরে এই পাল্টা আঘাত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
সূত্র আল জাজিরা
আরও পড়ুন










