ঢাকা, রবিবার   ০৪ অক্টোবর ২০২৬

এয়ারবাস কিনতে আগামী বুধবার চুক্তি সই করছে বিমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৬, ৪ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ফরাসি উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি নতুন প্রজন্মের উড়োজাহাজ কেনার চূড়ান্ত চুক্তি আগামী ৭ অক্টোবর (বুধবার) ঢাকায় সই হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং এয়ারবাস ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট জুর্গেন ওয়েস্টারমেয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করবেন। রাজধানীর র‌্যাডিসন হোটেলে আয়োজিত এই চুক্তি সই অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত থাকবেন।

এয়ারবাস এ৩৫০-৯০০: দূরপাল্লার আন্তর্জাতিক রুটের জন্য ৪টি ওয়াইড-বডি উড়োজাহাজ। এয়ারবাস এ৩২১নিও: আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটের জন্য ৬টি ন্যারো-বডি উড়োজাহাজ।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, এই নতুন উড়োজাহাজগুলোর সরবরাহ ২০৩৩ সাল থেকে শুরু হয়ে ২০৩৬ বা ২০৩৭ সাল পর্যন্ত চলতে পারে। তবে এই মেগা চুক্তির মোট বাণিজ্যিক মূল্য কত, তা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

বর্তমানে বিমানের জেটের বহর মূলত মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংনির্ভর। এই চুক্তির মাধ্যমে দীর্ঘদিন পর বিমানের বহরে বোয়িংয়ের পাশাপাশি ফরাসি এয়ারবাসের নতুন প্রজন্মের সমন্বয় ঘটবে। নতুন এই ১০টি এয়ারবাস যুক্ত হলে বিমানের দীর্ঘমেয়াদি ক্রয় পরিকল্পনায় নতুন বোয়িং ও এয়ারবাস উড়োজাহাজের মোট সংখ্যা দাঁড়াবে ৩৫টি। যার মধ্যে ১৯টি হবে ওয়াইড-বডি এবং ১৬টি হবে ন্যারো-বডি উড়োজাহাজ।

কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন প্রজন্মের এই উড়োজাহাজগুলো বহরে যুক্ত হওয়ার অন্তর্বর্তীকালীন সময়ে বিমানের জরুরি রুট ও যাত্রীদের চাহিদা পূরণে প্রয়োজনে স্বল্পমেয়াদে উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনাও বিবেচনা করা হচ্ছে।

এমএইচ


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি