ঢাকা, সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৯, ২১ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

জ্বালানি তেলের দাম বাড়ার পর দেশের বাসভাড়া পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভাড়া সমন্বয় কমিটি সিটি সার্ভিস ও দূরপাল্লার বাসে কিলোমিটার প্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর সুপারিশ করেছে। তবে নতুন প্রস্তাবে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা আগের মতো রাখার কথা বলা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিআরটিএর বনানী কার্যালয়ে ভাড়া সমন্বয় কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সংশ্লিষ্টরা জানান, কমিটির সুপারিশ সরকারের কাছে পাঠানো হবে। চূড়ান্ত অনুমোদন দেবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এএসএম আহমেদ খোকন জানান, জ্বালানি তেলের নতুন দামের সঙ্গে সামঞ্জস্য রাখতে কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাব কার্যকর হলে আন্তঃজেলা বাসের ভাড়া কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪৩ পয়সা হতে পারে। একইভাবে নগর পরিবহনের ক্ষেত্রে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭৩ পয়সা হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি আরও বেশি ভাড়া বাড়ানোর দাবি ছিল। তাদের প্রস্তাব ছিল অন্তত ৪০ পয়সা বৃদ্ধির। তবে আলোচনার পর ২০ পয়সা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বিআরটিএ এখন প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাঠাবে। সংশ্লিষ্টদের ধারণা, মঙ্গলবারের মধ্যে নতুন ভাড়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

রোববার রাতে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ২০ টাকা করে বেড়েছে। পাশাপাশি অকটেন ও পেট্রলের দামও একই হারে বাড়ানো হয়েছে।

ফলে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা এবং পেট্রল ১৪০ থেকে ১৬০ টাকা হয়েছে। নতুন দাম সোমবার থেকে কার্যকর হয়েছে।

দেশের গণপরিবহনের বড় অংশ ডিজেলচালিত হওয়ায় জ্বালানির দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে বাস পরিচালনার ব্যয়ে। এ কারণে জ্বালানি খরচের পাশাপাশি অন্যান্য পরিচালন ব্যয় বিবেচনায় নিয়ে ভাড়া সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া সমন্বয় করা হয়েছিল। সে সময় ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়। পরবর্তী সময়ে দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসের ভাড়াও তখন কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়। ডিটিসিএ এলাকার মিনিবাসের ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৩ পয়সা করা হয়েছিল।

২০২২ সালের আগস্টেও ডিজেলের মূল্য উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পর বাসভাড়া সমন্বয় করা হয়েছিল। পরে ডিজেলের দাম কমলে ওই বছরের আগস্টের শেষ দিকে দূরপাল্লা ও মহানগরের বাসভাড়াও কিছুটা কমানো হয়।

এ ছাড়া ২০২৪ সালের এপ্রিলে ডিজেলের দাম লিটারপ্রতি ৩ টাকা কমার পর বিআরটিএ দূরপাল্লা ও মহানগরের ডিজেলচালিত বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ৩ পয়সা কমানোর সুপারিশ করেছিল।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি