ঢাকা, মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬

অক্টোবরে শুরু হচ্ছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ:রোসাটমের বিবৃতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০০, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:০২, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

আগামী অক্টোবর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) সরবরাহ শুরু করছে রাশিয়া। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন—রোসাটম এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে রোসাটম জানায়, ২০২৬ সালের অক্টোবর থেকে শুরু হয়ে ডিসেম্বর মাস পর্যন্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য জ্বালানি সরবরাহের কাজ চলবে। ডিসেম্বরের শেষ নাগাদ এই ইউরেনিয়াম সরবরাহ প্রক্রিয়া সম্পন্ন হবে। চুক্তি ও প্রকল্পের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বেশ কয়েকটি বিশেষ চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে এই পারমাণবিক জ্বালানি বাংলাদেশে পরিবহন করা হবে।

সংশ্লিষ্ট সূত্র ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানায়, নির্ধারিত রুট অনুযায়ী রাশিয়ার ইউরেনিয়ামবাহী কার্গো বিমানটির কাজাখস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে আসার কথা ছিল। তবে শেষ মুহূর্তে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় গত ২৪ সেপ্টেম্বরের নির্ধারিত প্রথম ফ্লাইটটি স্থগিত করা হয়। এই জটিলতার কারণে ফ্লাইটের সময়সূচি এক সপ্তাহ পিছিয়ে নতুন সূচি নির্ধারণ করেছে রোসাটম। সংশোধিত সূচি অনুযায়ী আগামী ১ অক্টোবর থেকে এই জ্বালানি সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে।

প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সব মিলিয়ে দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি ফ্লাইটে মোট ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি রাশিয়া থেকে বাংলাদেশে আনা হবে। এর পাশাপাশি প্রথম ইউনিটের জ্বালানি পরিবর্তনের জন্য আরও দুটি ফ্লাইটে ৪৮টি ফুয়েল অ্যাসেম্বলি আসবে। 

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের অক্টোবরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য প্রথম দফার পারমাণবিক জ্বালানি বাংলাদেশে এসেছিল। চলতি বছরের এপ্রিল-মে মাসের দিকে সেই জ্বালানি বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লিতে বসানোর প্রক্রিয়া শুরু হয়। দ্বিতীয় ইউনিটের এই জ্বালানি সরবরাহ সম্পন্ন হলে তা দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি চালুর প্রক্রিয়ায় আরও একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি