ঢাকা, বুধবার   ১৮ নভেম্বর ২০২৬

এমপি বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর সঠিক নয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৩, ১৮ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবরটি মিথ্যা। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফটোকার্ডটিও ভুয়া বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বুধবার (১৮ নভেম্বর) বাংলাফ্যাক্ট তাদের পেজে প্রকাশিত এক তথ্যে জানায়।

বাংলাফ্যাক্ট জানায়, সম্প্রতি ‘অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন নোয়াখালী-৩ আসনের এমপি বরকত উল্লাহ বুলু’ শিরোনামে যমুনা টিভির লোগোযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে যাচাইয়ে এর কোনো সত্যতা পাওয়া যায়নি।

প্রতিষ্ঠানটি জানায়, নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই ভুয়া এই খবর ছড়ানো হয়েছে। যমুনা টিভিও এমন শিরোনামে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি।

এ বিষয়ে অনুসন্ধান করে কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবরের সত্যতা পাওয়া যায়নি। যমুনা টিভির ফেসবুক পেজ ও ওয়েবসাইটেও এ ধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ পাওয়া যায়নি।

পরে বাংলাফ্যাক্টের পক্ষ থেকে যমুনা টিভির ডিজিটাল বিভাগের প্রধান রুবেল মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটা ভুয়া কার্ড। আমরা এমন কিছু প্রকাশ করিনি।’

বাংলাফ্যাক্ট জানায়, এমপি বরকত উল্লাহ বুলুর পদত্যাগের দাবিটি সম্পূর্ণ মিথ্যা। একই সঙ্গে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটিও ভুয়া।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে দেশ ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজের মাধ্যমে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।

সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে বিএনপি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার, অপতথ্য এবং গুজব ছড়ানোর ঘটনাও শনাক্ত করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি