ঢাকা, বুধবার   ১৮ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের মজুরি ১৮ থেকে ২৪ হাজার টাকা করার প্রস্তাব সিপিডির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৪, ১৮ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে আলোচনার মাধ্যমে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির হিসাবে, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে ২০২৩ সালের নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির বর্তমান সমমূল্য দাঁড়ায় ১৬ হাজার ৩৫১ টাকা।

বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর ধানমণ্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬ : বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এ প্রস্তাব দেন এসব কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।
 
সিপিডির হিসাবে, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে ২০২৩ সালের নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার ন্যূনতম মজুরি বর্তমানে ১৬ হাজার ৩৫১ টাকার সমান। অন্যদিকে চার সদস্যের একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখতে প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা এবং ন্যূনতম মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।

সংস্থাটি বলছে, পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে শুধু মালিক-শ্রমিকের দর-কষাকষির ওপর নির্ভর না করে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা ও শিল্পের সক্ষমতার ভিত্তিতে একটি প্রমাণনির্ভর পদ্ধতি চালু করা প্রয়োজন।

মজুরি নির্ধারণে দীর্ঘমেয়াদি কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, অন্তর্বর্তী সরকারের শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদনেও সব খাতের জন্য জীবনধারণযোগ্য মজুরির ভিত্তিতে জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি প্রতিবছর মূল্যস্ফীতির সঙ্গে মজুরি সমন্বয়, শ্রমিক-মালিক ও বিশেষজ্ঞদের সমন্বয়ে স্থায়ী জাতীয় ন্যূনতম মজুরি কমিশন গঠন এবং মজুরি নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

নির্বাহী পরিচালক আরও বলেন, ভবিষ্যতে মজুরি নির্ধারণের আলোচনা শুরুর অন্তত ছয় মাস আগে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এ সময়ের মধ্যে প্রয়োজনীয় সমীক্ষা, পর্যালোচনা ও গবেষণা সম্পন্ন করতে হবে। ২০০৬ সালের শ্রম আইনে মজুরি নির্ধারণের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনার কথা বলা হয়েছে, সেগুলোও গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

বিকল্প হিসেবে একটি স্থায়ী মজুরি কমিশন গঠন করা যেতে পারে, যেখানে নির্দিষ্ট সূত্র বা পদ্ধতি অনুসরণ করে মজুরি নির্ধারণ করা হবে। এতে প্রতিবছর নতুন করে মজুরি নিয়ে অনিশ্চয়তা ও বিরোধ তৈরির প্রবণতা কমবে বলে মনে করেন তিনি।

সিপিডি জানায়, মজুরি নির্ধারণ শুধু শ্রমিক ও মালিকের বিষয় নয়; এখানে সরকারের দায়িত্বও রয়েছে। শ্রমিকদের জন্য মানবিক, পুষ্টিকর ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে দীর্ঘমেয়াদে জীবনধারণযোগ্য মজুরি প্রতিষ্ঠাই হওয়া উচিত নীতিনির্ধারণের লক্ষ্য।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি