ঢাকা, বৃহস্পতিবার   ২১ মে ২০২৬

পদ ফিরে পেলেন ছাত্রদল নেতা হামিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৪, ২১ মে ২০২৬

Ekushey Television Ltd.

দীর্ঘ আড়াই মাস পর নিজের পদ ফিরে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার অধীন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। তার ওপর আরোপিত সাংগঠনিক পদের এই অব্যাহতি প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

বৃহস্পতিবার (২১ মে) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমের সাংগঠনিক পদের অব্যাহতি প্রত্যাহার করা হলো। এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ রইল না।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি শেখ তানভীর বারী হামিমকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রদল। পরবর্তীতে সন্তোষজনক জবাব না পাওয়ায় গত ৪ মার্চ তাকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি