ঢাকা, শনিবার   ৩০ মে ২০২৬

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে শেরেবাংলা নগরে জনতার ঢল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৭, ৩০ মে ২০২৬

Ekushey Television Ltd.

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটে।

শনিবার (৩০ মে) সকালের প্রথম প্রহর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জিয়া উদ্যান এলাকায় আসতে শুরু করেন। এ সময় অনেককে ফুল ও দলীয় পতাকা হাতে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিজয় সরণি থেকে জিয়া উদ্যান পর্যন্ত এলাকায় মানুষের উপস্থিতি বৃদ্ধি পায়।

এদিকে সকাল ১১টায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা যায়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতী দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে সমাধিস্থলে শ্রদ্ধা জানান।

শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে জিয়া উদ্যান এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।

এ সময় উপস্থিত কয়েকজন নেতাকর্মী ও সমর্থক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান, দেশপ্রেম ও নেতৃত্বের বিভিন্ন দিক স্মরণ করেন। তারা বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শন এখনও তাদের অনুপ্রেরণা জোগায়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচির অংশ হিসেবে সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল, এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি